দেশের বস্ত্র খাতের দীর্ঘদিনের সংকট ও সমস্যা নিরসনে বিশেষ উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই খাতের সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে তিনি অর্থ উপদেষ্টা এবং বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিয়েছেন। আজ বুধবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)-এর সভাপতি শওকত আজিজ রাসেল।
বিটিএমএ সভাপতি জানান, টেক্সটাইল খাতের সমস্যাগুলো অনেক পুরনো হলেও অতীতের কোনো সরকারই এগুলো সমাধানের কার্যকর উদ্যোগ নেয়নি। বর্তমান সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করার পরও এই জটিল সমস্যাগুলো পুরোপুরি দূর করতে আনুমানিক দেড় বছর সময় লেগে যেতে পারে। তবে সংকট উত্তরণে সরকারের আন্তরিকতার ওপর ভরসা রেখে উদ্যোক্তারা এই সময়টুকু দিতে প্রস্তুত আছেন।
শওকত আজিজ রাসেল আরও বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে গ্যাস ও বিদ্যুতের সংকটের পাশাপাশি বস্ত্র খাতের সামগ্রিক আর্থিক সমস্যাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সরকার ইতোমধ্যেই এই খাতে ৫ শতাংশ প্রণোদনা দিচ্ছে। নবগঠিত এই কমিটি আগামী সপ্তাহে আবারো বৈঠকে বসবে বলে তিনি জানান।
বন্ধ এবং আংশিক বন্ধ থাকা কারখানাগুলো পুনরায় চালু করার উদ্যোগ সফল হলে খুব দ্রুত ও স্বাভাবিক নিয়মেই প্রায় ১৫ লাখ মানুষের নতুন কর্মসংস্থান তৈরি হবে বলে আশা প্রকাশ করেন বিটিএমএ সভাপতি। তবে এই কারখানাগুলো সচল করতে হলে আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক বাজারে যে ক্ষতিকর ডাম্পিং হচ্ছে, সেদিকে সরকারকে বিশেষভাবে নজর দিতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

