বাংলাদেশ পুলিশের ছয়জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব তৌছিফ আহমেদ। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. ইকবাল হোসেনকে ঢাকা রেঞ্জ ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জ ডিআইজি এবং পুলিশ সদরদপ্তরের ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
তালিকায় আরও রয়েছেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, তাকে খুলনা রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হককে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএনে বদলি করা হয়েছে।
