পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের সময় একসঙ্গে চা খেতে যাওয়া কিংবা বিশ্রামে যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সরকারের পক্ষ থেকে দেশের সব পুলিশ ইউনিটে ইতোমধ্যে এ সংক্রান্ত সতর্কবার্তা পাঠানো হয়েছে। সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দায়িত্ব পালনের সময় পুরো টিম একসঙ্গে গাড়ি রেখে কোথাও যেতে পারবে না। অন্তত একজন সদস্যকে সবসময় গাড়ির কাছে উপস্থিত থাকতে হবে। তিনি এটিকে পুলিশের স্বাভাবিক নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে উল্লেখ করে বলেন, এ বিষয়টিকে ভিন্নভাবে দেখার কোনো অবকাশ নেই। বর্তমানে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী সবসময় সতর্ক অবস্থানে রয়েছে।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে বোমাসদৃশ বস্তু ও পরিত্যক্ত ব্যাগ উদ্ধারের ঘটনার প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব ঘটনায় সর্বোচ্চ সতর্ক রয়েছে। মতিঝিলে মেট্রোরেলের পিলারের নিচে বোমাসদৃশ বস্তু উদ্ধার এবং আশুলিয়ায় দুষ্কৃতিকারীদের ফেলে যাওয়া ব্যাগের ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়া রথযাত্রার নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত ব্যবস্থাপনায় উৎসবটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তবে উল্টো রথযাত্রার দিন মতিঝিলে বোমাসদৃশ বস্তু উদ্ধারের মাধ্যমে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করেছে কি না, সেটিও তদন্তের আওতায় রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অতীতের তুলনায় এ ধরনের ঘটনা বর্তমানে অনেক কম। উগ্রবাদী কর্মকাণ্ড বা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের যেকোনো অপচেষ্টা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো এ বিষয়ে সতর্ক রয়েছে। আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, দলটির নাশকতা চালানোর মতো সক্ষমতা আছে বলে তিনি মনে করেন না। তিনি আরও বলেন, দলটি বর্তমানে নিষিদ্ধ এবং বিদেশ থেকে মাঝেমধ্যে কিছু তৎপরতার আভাস ছাড়া উল্লেখযোগ্য কোনো কার্যক্রম নেই। এছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে হামলার বিষয়ে তিনি জানান, ঘটনার তদন্ত চলছে এবং তদন্ত শেষ হলে বিস্তারিত জানানো হবে।

