ফিফা বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারার পর এক নতুন অধ্যায় শুরুর পথে রয়েছে পর্তুগাল জাতীয় ফুটবল দল। স্পেনের বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে ১-০ গোলের হারের পর প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান রবার্তো মার্টিনেজ। তার উত্তরসূরি হিসেবে বর্তমানে অভিজ্ঞ পর্তুগিজ কোচ জর্জ জেসুসের নাম সবচেয়ে জোরালোভাবে আলোচনায় উঠে এসেছে। যদিও পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ) এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, তবে চলতি সপ্তাহের মধ্যেই নতুন কোচের নাম জানানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বুধবার (৯ জুলাই) ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েনসা সাংবাদিকদের জানান, নতুন কোচকে অবশ্যই পর্তুগিজ ফুটবলের প্রেক্ষাপট সম্পর্কে গভীর জ্ঞান রাখতে হবে এবং জাতীয় দলের জয়ের মানসিকতার সাথে মানিয়ে নিতে সক্ষম হতে হবে। তিনি আরও বলেন, ফেডারেশনের হাতে বেশ কয়েকটি বিকল্প রয়েছে এবং তিনি নিজেই পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছেন। সপ্তাহের শেষ নাগাদ ইতিবাচক সংবাদ পাওয়ার বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ক্রীড়া দৈনিক আ বোলা ও ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, জর্জ জেসুসকে নিয়োগ দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে এফপিএফ। ৭১ বছর বয়সী এই কোচ বর্তমানে ফ্রি এজেন্ট হিসেবে আছেন। গত মে মাসে আল নাসরকে সৌদি প্রো লিগের শিরোপা জেতানোর পর তিনি এখন চুক্তিমুক্ত। যদিও জাতীয় দলের দায়িত্ব পালনের পূর্ব অভিজ্ঞতা তার নেই, তবে ক্লাব ফুটবলে তার সাফল্য ঈর্ষণীয়। বেনফিকার হয়ে তিনটি লিগ শিরোপাসহ মোট ১০টি ট্রফি জেতার পাশাপাশি ২০১৯ সালে ব্রাজিলের ফ্ল্যামেঙ্গোর হয়ে এক বছরে পাঁচটি বড় শিরোপা জিতে তিনি ইতিহাস গড়েছিলেন। এছাড়া ২০২৩-২৪ মৌসুমে আল হিলালকে ঘরোয়া ট্রেবল জিতিয়ে নিজের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছেন তিনি।
বিশ্বকাপে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল শিরোপার অন্যতম দাবিদার হিসেবে অংশ নিলেও মাঠের পারফরম্যান্সে সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়। এই হতাশা কাটিয়ে দ্রুত ঘুরে দাঁড়াতে মরিয়া পর্তুগাল। এফপিএফ সভাপতি পেদ্রো প্রোয়েনসা জানান, তারা পর্তুগিজ ফুটবলে জয়ের নতুন যুগ শুরু করতে চান। নেশনস লিগ জয় তাদের পরবর্তী লক্ষ্যগুলোর মধ্যে অন্যতম। এছাড়া ইউরো এবং ২০৩০ সালের বিশ্বকাপ, যা পর্তুগালের ঘরের মাঠে অনুষ্ঠিত হবে—সেসব টুর্নামেন্টকে সামনে রেখে বড় স্বপ্ন ও লক্ষ্য নিয়ে এগোচ্ছে ফেডারেশন।

