ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারের বিরুদ্ধে গৃহপরিচারিকা প্রীতি উরাংয়ের অবহেলাজনিত মৃত্যুর মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে গেছে। ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আলমগীর হোসেন আজ বুধবার আসামিপক্ষের সময় আবেদন মঞ্জুর করে আগামী ২ সেপ্টেম্বর শুনানির নতুন দিন নির্ধারণ করেছেন।
আজ এই মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে আসামিপক্ষের আইনজীবী চৈতন্য চন্দ্র হালদার শুনানি পেছাতে সময়ের আবেদন করেন, যা আদালত মঞ্জুর করেন।
মামলার তথ্য অনুযায়ী, প্রীতি উরাং মৌলভীবাজার জেলা সদর থেকে ১২ কিলোমিটার দূরের কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা বাগানের বাসিন্দা ছিলেন। তিনি ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বহুতল ভবনের অষ্টম তলায় সৈয়দ আশফাকুল হকের বাসায় প্রায় দুই বছর ধরে গৃহকর্মী হিসেবে কর্মরত ছিলেন। ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি সকালে ওই বাসার ড্রয়িং স্পেসের জানালায় নিরাপত্তা বেষ্টনী না থাকায় কাঁচের ফাঁক দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন প্রীতি। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় প্রীতির বাবা লোকেশ উরাং একটি মামলা দায়ের করেন।
মামলাটির তদন্ত শেষে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের তেজগাঁও জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) এস এম মাহমুদ রেজা গত ৩১ মার্চ দুই আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। পরবর্তীতে মামলাটি বিচারের জন্য প্রস্তুত হলে গত ১৬ জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে এটি মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়। এই মামলায় আশফাকুল হক ও তানিয়া খন্দকার প্রায় চার মাস কারাগারে থাকার পর উচ্চ আদালত থেকে জামিন নিয়ে ২০২৪ সালের জুন মাসে মুক্ত হন।

