বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর উদ্যোগ: দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

অলাভজনক ও বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রায়ত্ত কলকারখানাগুলো দেশি-বিদেশি বিনিয়োগের মাধ্যমে পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন। সভায় অলাভজনক ও বন্ধ কলকারখানাগুলো পুনরায় চালু করার প্রক্রিয়াগত অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু জানান, সভায় উপস্থিত সংশ্লিষ্টদের জানানো হয়েছে যে, এসব কলকারখানায় বিনিয়োগের জন্য অনেক বেসরকারি কোম্পানি এরই মধ্যে আগ্রহ প্রকাশ করেছে। বর্তমানে কোম্পানিগুলোর প্রস্তাবিত শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা ও সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।

প্রধানমন্ত্রী পুরো প্রক্রিয়াটি অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কোনো ধরনের অপ্রয়োজনীয় সময়ক্ষেপণ না করে দ্রুত এই কার্যক্রম শেষ করার নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা এবং শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।