সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে মালয়েশিয়ায় বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে মালয়েশিয়া বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। শনিবার (১৫ আগস্ট) রাতে কুয়ালালামপুরের বুকিট বিন্তাংয়ের পিঠাঘর রেস্তোরাঁর হলরুমে এশার নামাজের পর এই কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালয়েশিয়া বিএনপির সহসভাপতি তালহা মাহমুদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দলের সাংগঠনিক সম্পাদক মির্জা সালহা উদ্দিন।
বক্তারা খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং জনগণের অধিকার আদায়ে তার আপসহীন ভূমিকার ওপর আলোকপাত করেন। তারা বলেন, একজন সাধারণ গৃহিণী থেকে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক নেত্রী হয়ে ওঠার পেছনে তার দূরদর্শিতা, সততা, দেশপ্রেম ও দৃঢ় নেতৃত্ব অনন্য ভূমিকা রেখেছে। প্রতিকূল পরিবেশ, কারাবরণ ও নানা নির্যাতনের মুখোমুখি হয়েও তিনি তার রাজনৈতিক আদর্শ থেকে বিচ্যুত হননি। তার এই আপসহীন নেতৃত্ব ও সাহস বাংলাদেশের রাজনীতিতে তাকে এক গুরুত্বপূর্ণ অবস্থানে আসীন করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের ধারাকে এগিয়ে নিতে তার অবদান অনস্বীকার্য।
সভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করা হয়। বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে দল ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনকে ধারণ করে একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।
আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সহসভাপতি ড. এস এম রহমান তনু, জামালপুর সদর বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, দপ্তর সম্পাদক মো. আমিনুল ইসলাম রতন, অধ্যাপক ও পিএইচডি স্কলার সাফিউর রহমান, যুবদল মালয়েশিয়ার সভাপতি মো. জসিম উদ্দিন, সহসভাপতি মো. নাজমুল হাসান ও শেখ মো. সেলিম, জাসাসের আহ্বায়ক আসাদুজ্জামান মাসুম, যুবদলের প্রচার সম্পাদক বাদল কারার এবং স্বেচ্ছাসেবক দলের নেতা গোলাম কবির। এছাড়া আব্দুল জলিল লিটন, মো. আরিফ হোসেন, আনোয়ার হোসেন সেলিম, সোহেল রানা আজাদ, হেলাল শিকদার, রাসেল রানা, সাইদুর রহমান বাবু, আদিব আঞ্জম, আলী শরিফ ও জাসাসের ফয়সালসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

