রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। পূর্বাভাস অনুযায়ী, দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া কোনো কোনো স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সোমবার সন্ধ্যার পর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয় এবং রাত বাড়ার সঙ্গে সঙ্গে এর মাত্রা বৃদ্ধি পায়। বৃষ্টির ফলে নগরীর বিভিন্ন সড়কে পানি জমে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আজও বৃষ্টির সম্ভাবনা থাকায় ঢাকার নিচু এলাকা ও দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থা সম্বলিত সড়কগুলোতে জনদুর্ভোগ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বৃষ্টির এই প্রবণতার পেছনে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাব রয়েছে। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এছাড়া মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। বৃষ্টির এই প্রবণতা আগামীকালও অব্যাহত থাকতে পারে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

