মঙ্গলবার (৪ আগস্ট) ভোর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে। দিনের শুরুতেই এই বৃষ্টির কারণে কর্মস্থলগামী মানুষ কিছুটা ভোগান্তিতে পড়েছেন। বৃষ্টির প্রভাবে রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহনের গতি কমে আসতে দেখা গেছে। কোথাও গুঁড়ি গুঁড়ি, আবার কোথাও মাঝারি ধরনের বৃষ্টির খবর পাওয়া গেছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই বৃষ্টির প্রবণতা শুধু রাজধানীতেই সীমাবদ্ধ নয়, বরং দেশের বিভিন্ন অঞ্চলেও বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু মাঝারি অবস্থায় সক্রিয় থাকায় এই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

