রাজধানীর বিমানবন্দর সড়কে ক্রাউন প্লাজার সামনে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পাম্পের বিক্রির টাকা ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে প্রতিষ্ঠানের কর্মচারীকে কুপিয়ে এই বড় অংকের টাকা ছিনিয়ে নেওয়া হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, পাম্পের বিক্রয়লব্ধ টাকা উত্তরা ১ নম্বর সেক্টরের একটি ব্যাংকে জমা দেওয়ার জন্য যাচ্ছিলেন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। পথিমধ্যে তিনটি মোটরসাইকেলে আসা ৬ থেকে ৭ জন সশস্ত্র দুষ্কৃতকারী টাকা বহনকারী কভার্ডভ্যানটির গতিরোধ করে। এরপর পিস্তলের ভয় দেখিয়ে ও চাপাতি দিয়ে কুপিয়ে কর্মচারীকে রক্তাক্ত জখম করে টাকাভর্তি ব্যাগ নিয়ে তারা আব্দুল্লাহপুরের দিকে পালিয়ে যায়। গুরুতর আহত ওই কর্মচারীকে উদ্ধার করে কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) বিকেলে ডিএমপি উত্তরা বিভাগের উপকমিশনার তারেক আহমেদ বেগ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডিএল পেট্রোল পাম্পের ম্যানেজার আব্দুল করিম বাদী হয়ে বিমানবন্দর থানায় ৬ থেকে ৭ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পাম্প কর্তৃপক্ষের ভাষ্যমতে, সাপ্তাহিক ছুটির কারণে দুদিনের জমাকৃত প্রায় ১ কোটি ২১ লাখ টাকা রোববার একসঙ্গে ব্যাংকে নেওয়া হচ্ছিল।
পুলিশের প্রাথমিক ধারণা, নিয়মিত একই সময়ে টাকা বহনের বিষয়টি আগে থেকেই নজরদারিতে রেখেছিল ছিনতাইকারীরা। বর্তমানে পুলিশ ও একাধিক তদন্ত দল জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান চালাচ্ছে। উল্লেখ্য, ছিনতাইয়ের শিকার হওয়া ডিএল পেট্রোল পাম্পটির মালিক তাসীন হক, যার মা প্রয়াত খুরশীদ জাহান হক ছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় বোন।

