কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ৯, আহত ৪৬

ইউক্রেনের রাজধানী কিয়েভে সোমবার ভোরে আবারও ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসির প্রতিবেদন অনুযায়ী, এই হামলায় এখন পর্যন্ত অন্তত ৯ জন নিহত এবং ৪৬ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আহতদের মধ্যে অন্তত পাঁচজন শিশু রয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে, যার ফলে উদ্ধারকর্মীরা এখনও তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন।

সোমবার ভোরে কিয়েভের বিভিন্ন এলাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানলে বেশ কয়েকটি আবাসিক ভবন আংশিক ধসে পড়ে এবং বিভিন্ন স্থাপনায় আগুন ধরে যায়। শহরের মেয়র ভিটালি ক্লিচকো জানান, আবাসিক ভবন ছাড়াও কয়েকটি গুদামঘর ও একটি গ্যারেজ ওয়ার্কশপ ধ্বংস হয়েছে। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো হতাহতের এই সংখ্যা নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও ও ছবিতে ধোঁয়ায় আচ্ছন্ন ধ্বংসস্তূপ এবং উদ্ধারকারী দলের তৎপরতা দেখা গেছে।

এক সপ্তাহের মধ্যে এটি কিয়েভে রাশিয়ার দ্বিতীয় বড় ধরনের হামলা। এর আগে বৃহস্পতিবার রাতে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছিলেন। সর্বশেষ হামলার কয়েক ঘণ্টা আগেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সতর্ক করেছিলেন যে রাশিয়া কিয়েভে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। ইউক্রেন অভিযোগ করেছে, রাশিয়া ইচ্ছাকৃতভাবে বেসামরিক আবাসিক এলাকায় হামলা চালাচ্ছে। তবে মস্কোর ভাষ্যমতে, তারা ইউক্রেনের সামরিক ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করেই এই অভিযান পরিচালনা করেছে, যা রুশ ভূখণ্ডের বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনায় ইউক্রেনীয় হামলার জবাব।

একই সময়ে রাশিয়ার নিয়ন্ত্রিত ক্রিমিয়ার সেভাস্তোপলেও রাতভর হামলার কারণে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এই হামলার ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন তুরস্কে ন্যাটো শীর্ষ সম্মেলন শুরু হতে যাচ্ছে। সেখানে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের কথা রয়েছে। সম্মেলনের প্রাক্কালে জেলেনস্কি পশ্চিমা মিত্রদের কাছে দ্রুত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, আকাশ প্রতিরক্ষায় যেকোনো বিলম্ব মানেই আরও প্রাণহানি এবং এটি রাশিয়াকে যুদ্ধ চালিয়ে যেতে উৎসাহিত করে। এছাড়া যুক্তরাষ্ট্রের কাছে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।