সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ২৭ আগস্ট

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৭ আগস্ট দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এর মাধ্যমে তদন্ত সংস্থাটি ১২৮তম বারের মতো প্রতিবেদন দাখিলের জন্য সময় পেল।

বুধবার (২২ জুলাই) এই মামলার প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন এই তারিখ নির্ধারণ করেন।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া করা বাসায় মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি খুন হন। ঘটনার পর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন।

দীর্ঘদিন তদন্তের পর ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট মামলাটি র‌্যাব থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গঠিত উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সের কাছে হস্তান্তরের নির্দেশ দেন। সেই সময় আদালত ছয় মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দিয়েছিলেন। তবে নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা না পড়ায় এবং রাষ্ট্রপক্ষ তদন্তের অগ্রগতি উল্লেখ করে সময়ের আবেদন জানালে আদালত বিভিন্ন সময়ে তা মঞ্জুর করেছেন। সর্বশেষ ২৩ অক্টোবর হাইকোর্ট টাস্কফোর্সকে তদন্ত শেষ করতে আরও ছয় মাস সময় বাড়িয়ে দিয়েছিলেন।

২০২৫ সালের ২২ এপ্রিল শুনানি নিয়ে আদালত ছয় মাস সময় মঞ্জুর করেন। একই সঙ্গে ২০২৫ সালের ২২ অক্টোবর আদেশের জন্য পরবর্তী দিন নির্ধারণ করেন। তবে উচ্চ আদালতের দেওয়া নির্ধারিত সময়ের মধ্যে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স প্রতিবেদন দাখিল করেনি।

কন্টেন্ট: সংগৃহীত