সোশ্যাল ইসলামী ব্যাংকের রাজশাহী-রংপুর অঞ্চলের ব্যবসায়িক পর্যালোচনা সভা

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এর আওতাধীন সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি-এর রাজশাহী-রংপুর অঞ্চলের ১৭টি শাখার অংশগ্রহণে শনিবার বাংলাদেশ ব্যাংক রংপুর অফিসে একটি ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রশাসক মো. আবুল বসার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে সহযোগী প্রশাসক আছাদুল মোস্তফা, হাম্মাদা আব্দুল আতি, ড. মোহাম্মদ বজলুল করীম এবং রওশন আক্তার অনুষ্ঠানে অংশ নেন।

সভায় প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানসহ সংশ্লিষ্ট শাখাগুলোর ম্যানেজার, অপারেশন ম্যানেজার এবং ইনভেস্টমেন্ট অফিসাররা অংশগ্রহণ করেন। আলোচনায় শ্রেণিকৃত বিনিয়োগ আদায়ের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। পাশাপাশি ক্ষুদ্র, কৃষি ও এসএমই খাতে বিনিয়োগ বৃদ্ধি, আমদানি-রপ্তানিসহ অন্যান্য নন-ফান্ডেড ব্যবসা সম্প্রসারণ এবং রেমিট্যান্স ও আমানত সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনের ওপর জোর দেওয়া হয়েছে।

বিনিয়োগ আদায় ত্বরান্বিত করার লক্ষ্যে সকল প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ এবং চলমান মামলাগুলো পরিচালনার ক্ষেত্রে ব্যাংকের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর জন্য সংশ্লিষ্ট শাখাগুলোকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।