দীর্ঘ ২৬ দিনের অনশন শেষে অবশেষে অনশন ভঙ্গ করলেন ভারতের প্রখ্যাত শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা 'নিট'-এর প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রতিবাদে ককরোচ জনতা পার্টি যে দীর্ঘমেয়াদী আন্দোলন চালিয়ে যাচ্ছে, তারই অংশ হিসেবে তিনি এই অনশনে যোগ দিয়েছিলেন। গত শুক্রবার দিবাগত রাতে হাসপাতালের শয্যায় চিকিৎসাধীন অবস্থাতেই দুই কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিতে তিনি তার অনশন ভাঙেন।
সংবাদ সংস্থাগুলোর প্রকাশিত ভিডিওচিত্রে দেখা যায়, অনশন ভাঙার সময় সোনম ওয়াংচুকের পাশে কেন্দ্রীয় মন্ত্রীদের পাশাপাশি তার স্ত্রী এবং লেহ-লাদাখের 'এপেক্স বডি'র সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনশন ভাঙার বিষয়টি নিশ্চিত করে সোনম ওয়াংচুক জানান, এর আগে বিভিন্ন রাজনৈতিক দলের ৬৫ জন সংসদ সদস্য তাকে অনশন ত্যাগের অনুরোধ জানিয়েছিলেন।
অনশন ভাঙার কারণ হিসেবে তিনি বেশ কিছু শর্ত নিয়ে দীর্ঘ আলোচনা এবং দেশজুড়ে সম্ভাব্য সহিংসতার আশঙ্কার কথা উল্লেখ করেন। তিনি তার পোস্টে লিখেছেন, "আমি খুব শীঘ্রই একটি আলাদা ভিডিওতে এই শর্তগুলো নিয়ে বিস্তারিত বলবো। এখন আমি আপনাদের সবাইকে একটাই অনুরোধ করব যে আপনারা কোনও রকমের সহিংসতা হতে দেবেন না, আর এই ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকুন।"
এদিকে, সোনম ওয়াংচুকের অনশন ভাঙার পর ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সামাজিক মাধ্যমে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন। বার্তায় তিনি বলেন, "আমরা খুশি যে সোনম স্যার ২৬ দিন পরে তার অনশন শেষ করেছেন। আপনার অসাধারণ সাহস এবং ত্যাগের জন্য ধন্যবাদ স্যার। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে গোটা দেশের চেতনাকে নাড়িয়ে দিয়েছেন। আপনার জীবন এই দেশের কাছে খুবই মূল্যবান।" তবে দীপকে স্পষ্ট করেছেন যে, সোনম ওয়াংচুক অনশন শেষ করলেও কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত দিল্লির যন্তর মন্তরে তাদের বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে।

