ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে কঠোর সমালোচনা করে অভিযোগ তুলেছেন যে, সরকার যেকোনো সংকট নিরসনে সংলাপের পরিবর্তে বারবার দমন-পীড়নের পথ বেছে নিচ্ছে। তিনি দাবি করেন, মোদি সরকার বর্তমানে জবাবদিহি চাওয়া শিক্ষার্থীদের ‘দেশের শত্রু’ হিসেবে বিবেচনা করছে।
সোনিয়া গান্ধী বলেন, কৃষক থেকে শুরু করে অধিকারকর্মী—সব ক্ষেত্রেই সরকারের একই ধরনের দমনমূলক ধারা দেখা গেছে। তবে এবার সরকার আরো এক ধাপ এগিয়ে গিয়ে দেশের ভবিষ্যৎ প্রজন্মের বিরুদ্ধেই রাষ্ট্রশক্তি প্রয়োগ করছে। তিনি উল্লেখ করেন, বর্তমান ভারতের শিক্ষাব্যবস্থায় যে সংকট তৈরি হয়েছে এবং সরকার যেভাবে জবাবদিহি এড়িয়ে যাচ্ছে, তা শিক্ষার্থীদের আন্দোলনের মূল কারণ।
কংগ্রেস নেত্রী আরও বলেন, ‘দেশের ভবিষ্যৎ চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, সরকারি কর্মকর্তা, উদ্যোক্তা ও জাতি গঠনের কারিগরদের প্রতি সহমর্মিতা দেখানোর পরিবর্তে তাদের ওপর রাষ্ট্রের দমনমূলক শক্তি প্রয়োগ করা হয়েছে। এ ঘটনা ক্ষমার অযোগ্য।’ তিনি শিক্ষার্থীদের এই প্রতিবাদকে স্বাভাবিক হিসেবে উল্লেখ করে বলেন, তারা একটি অনিশ্চিত ও হতাশাজনক শিক্ষাব্যবস্থার মুখোমুখি দাঁড়িয়ে আছে। তাদের উদ্বেগ ও দাবি শোনার পরিবর্তে সরকার দমনমূলক আচরণ করছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে তিনি মন্তব্য করেন।

