এসএসসি ফল প্রকাশের আগেই অকালে ঝরে গেল কিশোর রেজা

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের আগের দিনই ১৬ বছরের কিশোর কাজী রেজার জীবন থেমে গেল। সোমবার (১০ আগস্ট) প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে সে বিজ্ঞান বিভাগ থেকে ৪ দশমিক ১১ পয়েন্ট অর্জন করে কৃতকার্য হয়েছে। তবে নিজের কাঙ্ক্ষিত এই সাফল্যের সংবাদটি সে আর নিজের চোখে দেখে যেতে পারল না।

রেজা হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের চক্রামপুর গ্রামের কাজী আলফু মিয়ার ছেলে। সে উপজেলার সানশাইন মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল। পরিবার ও স্থানীয়রা জানান, রোববার (৯ আগস্ট) দুপুরে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে সে অসুস্থ হয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।

তার এই আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৭টায় নিজ গ্রাম চক্রামপুরে তার জানাজা অনুষ্ঠিত হয়। সানশাইন মডেল স্কুল অ্যান্ড কলেজে এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের যে আনন্দ, তা প্রিয় শিক্ষার্থী রেজাকে হারানোর বেদনায় ম্লান হয়ে গেছে।