যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপাঞ্চল গুয়াম ও নর্দান মারিয়ানা দ্বীপপুঞ্জে আঘাত হেনেছে শক্তিশালী সুপার টাইফুন বাভি। ঝড়ের বাতাসের গতিবেগ ঘণ্টায় ২৯০ কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে। এই প্রবল ঝড় ও ভারি বৃষ্টির কারণে পুরো এলাকাটির স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস এই ঝড়কে অত্যন্ত বিপজ্জনক হিসেবে চিহ্নিত করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়ের প্রভাবে সমুদ্রে প্রায় ৩৫ ফুট উঁচু ঢেউ সৃষ্টি হতে পারে, যা উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হতে পারে। ইতিমধ্যে নর্দান মারিয়ানা দ্বীপপুঞ্জের রোটা দ্বীপে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। দ্বীপটি সরাসরি ঝড়ের পথেই অবস্থিত হওয়ায় সেখানকার মেয়র বাসিন্দাদের নিরাপদে থাকার এবং ঘরের বাইরে বের না হওয়ার জন্য জরুরি নির্দেশনা দিয়েছেন।
প্রশান্ত মহাসাগরের পশ্চিমাঞ্চলে শক্তিশালী ঘূর্ণিঝড় একটি নিয়মিত ঘটনা হলেও বিজ্ঞানীরা জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে টাইফুনগুলোর তীব্রতা ক্রমশ বাড়ছে। ঝড়ের গতিপথের কাছাকাছি থাকা রোটার উত্তরে অবস্থিত সাইপান দ্বীপে বিমানবন্দরে ঘণ্টায় ১৬১ কিলোমিটারের বেশি গতির দমকা হাওয়া রেকর্ড করা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সোমবার দুপুর পর্যন্ত ঝড়ের বাতাসের তীব্রতা বজায় থাকবে এবং এরপর তা ধীরে ধীরে কমে আসবে। গুয়ামে প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষের বসবাস। দুর্যোগ মোকাবিলায় সেখানে পাঁচটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে প্রায় এক হাজার ৭০০ মানুষের থাকার ব্যবস্থা রয়েছে। তবে রোববার দুপুরের মধ্যেই একটি আশ্রয়কেন্দ্র পূর্ণ হয়ে যাওয়ায় লোকজনকে অন্য কেন্দ্রে সরিয়ে নেওয়ার কার্যক্রম চলছে। যুক্তরাষ্ট্রের জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার বাভিকে সুপার টাইফুন হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে।
