তেহরানে শুরু খামেনির ছয় দিনের শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায়ের ছয় দিনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী, শনিবার (৪ জুলাই) সকালে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি শুরু হয়। পরবর্তী ধাপে ইরাকেও শেষ বিদায়ের শোভাযাত্রা অনুষ্ঠিত হবে এবং এরপর তাকে দাফন করা হবে।

তেহরানের গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে আয়োজিত এই আনুষ্ঠানিকতা শুরুর আগেই সেখানে হাজার হাজার শোকাহত মানুষের ঢল নামে। বিশাল এই প্রাঙ্গণের মূল চত্বর মানুষের ভিড়ে পূর্ণ হয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নিতে তেহরানের মেট্রো স্টেশনগুলোতে মানুষ দীর্ঘ সারিতে অপেক্ষা করছেন।

শোকাহত মানুষের হাতে প্রতিশোধের প্রতীক হিসেবে পরিচিত লাল পতাকা দেখা গেছে। এ সময় তারা ‘আমেরিকার ধ্বংস হোক’ এবং ‘প্রতিশোধ, প্রতিশোধ’ স্লোগান দেন। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, অনেকে অনুষ্ঠানস্থলে পৌঁছানোর জন্য কয়েক কিলোমিটার পথ হেঁটেছেন। এই আয়োজন উপলক্ষে রাজধানীজুড়ে কঠোর যান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।