থাইল্যান্ডে সাবেক এমপির গুলিতে জ্যেষ্ঠ রাজনৈতিক নেতা নিহত

থাইল্যান্ডের ননথাবুরি এলাকায় একটি সরকারি ভবনের বাইরে বন্দুক হামলায় দেশটির এক জ্যেষ্ঠ রাজনৈতিক নেতা নিহত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) ঘটা এই ঘটনায় নিহত থংচাই ইয়েনপ্রাসের্ত ননথাবুরি প্রাদেশিক প্রশাসনিক সংস্থার (পিএও) প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। থাই কর্মকর্তাদের তথ্যমতে, একাধিক গুলিবিদ্ধ হওয়ার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন অনুযায়ী, হামলার সময় থংচাইয়ের গাড়িচালকও আহত হয়েছেন। ঘটনার পরপরই পুলিশ সাবেক আইনপ্রণেতা চালং রিয়াওরাংকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়ার আগে চালং নিজেই একজন ইউটিউবারকে ফোন করে হামলার বিষয়টি নিশ্চিত করেন।

পরে একটি পুলিশ স্টেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে চালং রিয়াওরাং নিহতের পরিবার ও বন্ধুদের কাছে ক্ষমা প্রার্থনা করেন। তিনি জানান, থংচাই তার ভালো বন্ধু ছিলেন, তবে অর্থসংক্রান্ত বিরোধের জেরে তিনি ক্ষুব্ধ ছিলেন। চালং সংবাদ সম্মেলনে বলেন, তিনি আজ তার বন্ধুর সঙ্গে কথা বলতে অফিসে গিয়েছিলেন কিন্তু থংচাই তার কথা শুনতে বা কোনো কিছু স্বীকার করতে রাজি হননি। তিনি আরও দাবি করেন, সারা জীবনে কখনো তাকে পুলিশ স্টেশনে আসতে হয়নি।

এদিকে, পুলিশ স্টেশনে গ্রেপ্তারের পর চালং রিয়াওরাংকে ধূমপানরত অবস্থায় দেখা গেছে এবং সেখানে তাকে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলার সুযোগও দেয়া হয়। উল্লেখ্য, এই ঘটনার কয়েক দিন আগেই একই অঞ্চলে একটি স্কুলে বন্দুক হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছিল।