জাপানের চিড়িয়াখানায় তীব্র তাপদাহে তিন সিংহীর মৃত্যু

জাপানের টোকিও মহানগর এলাকার হিনো শহরে অবস্থিত 'তমা জুওলজিক্যাল পার্ক'-এ অতিরিক্ত গরমের কারণে হিট স্ট্রোক বা 'হিট স্ট্রেস'-এ আক্রান্ত হয়ে মাত্র এক সপ্তাহের ব্যবধানে তিনটি সিংহীর মৃত্যু হয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জুলাইয়ের শেষ দিকে সিংহের খাঁচায় থাকা একাধিক সিংহীর মধ্যে ক্লান্তি এবং খাওয়ায় অরুচিসহ নানা ধরনের শারীরিক সমস্যা লক্ষ্য করা যায়।

পরিস্থিতি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করে কর্তৃপক্ষ সিংহ প্রদর্শনী বন্ধ ঘোষণা করে। আক্রান্ত সিংহীগুলোকে বাঁচাতে চিড়িয়াখানা কর্তৃপক্ষ ফ্যান, ওয়াটার স্প্রে, স্যালাইন এবং বিভিন্ন ওষুধের মাধ্যমে তাপমাত্রা কমানোর আপ্রাণ চেষ্টা চালায়। চিড়িয়াখানায় মোট ১০টি সিংহকে চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত তিনটিকে বাঁচানো সম্ভব হয়নি।

গত ২৮ জুলাই ৩ বছর বয়সি সিংহী 'মুগি' প্রথম মারা যায়। এর তিন দিন পর ৩১ জুলাই ১১ বছর বয়সি 'ইচিগো' এবং সবশেষ গত রোববার (২ আগস্ট) ১৫ বছর বয়সি 'লুয়েনা'র মৃত্যু হয়। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পাওয়া না গেলেও তিনটি সিংহীর শরীরেই পানিশূন্যতা এবং অঙ্গপ্রত্যঙ্গ বিকল হওয়ার আলামত পাওয়া গেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, তীব্র তাপদাহের কারণেই এই প্রাণহানির ঘটনা ঘটেছে। চিড়িয়াখানায় থাকা বাকি সিংহগুলোর মধ্যে চারটির অবস্থার উন্নতি হলেও তিনটি সিংহ এখনো চিকিৎসাধীন রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত