মার্কিন ও ইসরায়েলি হামলায় হওয়া ক্ষতির জন্য তেহরান সম্প্রতি ক্ষতিপূরণ দাবি করেছে। এই দাবির প্রেক্ষিতে এবার পাল্টা ইরানের কাছেও ক্ষতিপূরণ চাওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প জানান, ইরান বর্তমানে যে ক্ষতিপূরণ দাবি করছে, তা এর আগে কোনো আলোচনা বা বৈঠকে তারা কখনোই উল্লেখ করেনি।
ট্রাম্প তার বিবৃতিতে বলেন, ইরান তাদের রাস্তার পাশের বোমায় এবং বিভিন্ন সংঘাতের মাধ্যমে যাদের হত্যা ও গুরুতর আহত করেছে, তাদের জন্য তিনি একইভাবে ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করছেন। এর মধ্যে ইউএসএস কোল হামলায় নিহতদের পরিবার এবং যুদ্ধে নিহত আরও হাজার হাজার মানুষ অন্তর্ভুক্ত রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন যে, গত ৫০ বছরে ইরানে নিহত বিক্ষোভকারীদের পরিবারের পাশাপাশি গত পাঁচ মাসে নিহত ৫২ হাজার মানুষের পরিবারের জন্যও ইরানের ক্ষতিপূরণ দেওয়া উচিত। ট্রাম্প জানান, ভবিষ্যতে তেহরানের সঙ্গে যেকোনো আলোচনায় এই দাবির বিষয়টি অন্তর্ভুক্ত করার জন্য তিনি তার প্রতিনিধিদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন।

