ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায়ে যে বিপুল জনসমাগম হয়েছে, তা দেখে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ইরানের সাধারণ মানুষের আবেগ এবং তাদের সর্বোচ্চ নেতার প্রতি এমন সমর্থন দেখে তিনি রীতিমতো ‘হতবাক’ হয়েছেন।
সাক্ষাৎকারে সাংবাদিক বারাক রাভিদকে ট্রাম্প বলেন, এতদিন তার ধারণা ছিল যে ইরানের জনগণ তাদের সর্বোচ্চ নেতাকে পছন্দ করে না। তবে জানাজায় অংশ নেওয়া লাখো মানুষের উপস্থিতি তার সেই পূর্বের ধারণা পুরোপুরি বদলে দিয়েছে।
ট্রাম্প আরও দাবি করেন যে, তিনি চাইলে জানাজায় উপস্থিত সবাইকে লক্ষ্য করে সামরিক হামলা চালানোর সুযোগ ছিল। তবে ভবিষ্যতের কূটনৈতিক আলোচনার কথা মাথায় রেখে তিনি এমন কোনো কঠোর পদক্ষেপ নেওয়া থেকে বিরত থেকেছেন বলে উল্লেখ করেন।
মার্কিন প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী, খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোক চলাকালীন সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য সব ধরনের আলোচনা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। সেই সঙ্গে, এই শোকের সময়টিতে উভয় পক্ষই নতুন করে কোনো সামরিক হামলা না চালানোর বিষয়ে নীরব অবস্থানে থাকার সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি দাবি করেন।
উল্লেখ্য, গত শুক্রবার (৩ জুলাই) থেকে ইরানে ছয় দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে আয়োজিত জানাজায় লাখো মানুষ অংশ নেন, যার ফলে পুরো এলাকাটি জনসমুদ্রে পরিণত হয়।

