কালীগঞ্জে শ্রেণিকক্ষে পাঠদান করলেন ইউএনও রেজওয়ানা নাহিদ

শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে ও তাদের স্বপ্নের কথা জানতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি উপজেলার সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি সরাসরি অষ্টম শ্রেণির শ্রেণিকক্ষে প্রবেশ করেন এবং বাংলা বিষয়ের ওপর একটি পাঠদান শুরু করেন। প্রায় ২০ মিনিট স্থায়ী এই ক্লাসে তিনি অত্যন্ত সহজ ও প্রাণবন্ত উপস্থাপনার মাধ্যমে পাঠ্যবইয়ের বিভিন্ন দিক শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।

ক্লাস শেষে শিক্ষার্থীদের উদ্দেশে ইউএনও রেজওয়ানা নাহিদ বলেন, জীবনে বড় স্বপ্ন দেখা এবং সেই লক্ষ্য অর্জনে কঠোর পরিশ্রম করার কোনো বিকল্প নেই। তিনি নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা মেনে চলা এবং আত্মবিশ্বাস বজায় রাখাকে সাফল্যের মূল চাবিকাঠি হিসেবে উল্লেখ করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা ও পড়াশোনা নিয়ে খোলামেলা আলোচনা করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রশাসনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা সরাসরি শ্রেণিকক্ষে এসে পাঠদান করায় শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহিত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, এই ঘটনা শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ আরও বাড়িয়ে তুলবে। অষ্টম শ্রেণির শিক্ষার্থী মেহরাব হোসেন সৌর জানায়, ইউএনও ম্যাডাম যে তাদের ক্লাস নেবেন তা সে কল্পনাও করতে পারেনি। তিনি খুব সহজভাবে বিষয়গুলো বুঝিয়ে দিয়েছেন।

স্থানীয় সচেতন নাগরিক ও অভিভাবকরা এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, প্রশাসনের এমন সরাসরি সম্পৃক্ততা শিক্ষার্থীদের মানসিকভাবে উজ্জীবিত করবে এবং স্কুলের শিক্ষার সামগ্রিক পরিবেশ উন্নয়নে সহায়ক হবে। ইউএনও রেজওয়ানা নাহিদ জানান, প্রতিটি শিক্ষার্থী যেন একটি মানসম্মত পরিবেশে প্রকৃত শিক্ষা অর্জন করতে পারে, তা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। তিনি ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত পরিদর্শন ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

কন্টেন্ট: সংগৃহীত