মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্বজুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে ভ্রমণ বা ওই অঞ্চল হয়ে যাতায়াতের পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) জারি করা সর্বশেষ নিরাপত্তা সতর্কবার্তায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায়, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত জটিল এবং যেকোনো সময় তা আরও অবনতির দিকে যেতে পারে।

সতর্কবার্তায় উল্লেখ করা হয় যে, মধ্যপ্রাচ্যের বাইরেও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার ঘটনা ঘটেছে। এছাড়া ইরান ও ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো বিশ্বের বিভিন্ন দেশে মার্কিন নাগরিক, কূটনৈতিক স্থাপনা, ব্যবসাপ্রতিষ্ঠান এবং যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য স্থাপনায় হামলার চেষ্টা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মধ্যপ্রাচ্যের চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে নিজেদের নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। পররাষ্ট্র দপ্তর বিশেষভাবে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সম্ভাব্য ফ্লাইট বাতিল, বিলম্ব এবং অন্যান্য ভ্রমণসংক্রান্ত জটিলতার বিষয়ে সতর্ক থাকতে বলেছে। এ ছাড়া মধ্যপ্রাচ্যের বাইরে অবস্থানরত মার্কিন নাগরিকদের ওই অঞ্চলে ভ্রমণ অথবা মধ্যপ্রাচ্য হয়ে যাতায়াতের পরিকল্পনা পুনর্বিবেচনারও পরামর্শ দেওয়া হয়েছে।