জর্ডানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার সময় মার্কিন ও মিত্রবাহিনীর দুই সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন সেনা নিখোঁজ রয়েছেন বলে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
সেন্টকমের তথ্য অনুযায়ী, গত ১৭ জুলাই জর্ডানে এই হামলার ঘটনা ঘটে। হামলায় আহত চার মার্কিন সেনাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়, তবে চিকিৎসা শেষে তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া সামান্য আহত আরও কয়েকজন সেনাসদস্য প্রাথমিক চিকিৎসা নিয়ে পুনরায় তাদের নিয়মিত দায়িত্ব পালন করছেন। নিহত সেনাদের পরিবারের সদস্যদের আনুষ্ঠানিকভাবে অবহিত করার ২৪ ঘণ্টা পূর্ণ না হওয়া পর্যন্ত তাদের পরিচয় গোপন রাখা হবে বলে সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, "বিদায়, বীরেরা। আপনাদের এই আত্মত্যাগ আমাদের সংকল্পকে আরও দৃঢ় করেছে।"
এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) শনিবার জর্ডানের আল-আজরাক এলাকায় মার্কিন বাহিনীর ব্যবহৃত একটি ঘাঁটিতে হামলার দায় স্বীকার করেছে। আইআরজিসির দাবি, তাদের চালানো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ঘাঁটিতে থাকা বেশ কয়েকটি বিমান সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে।
সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এই ঘটনার পর প্রায় পাঁচ মাস ধরে চলমান সংঘাতে নিহত মার্কিন সেনাসদস্যের সংখ্যা বেড়ে ১৬ জনে পৌঁছেছে।
শনিবার (১৮ জুলাই) সেন্টকম এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে জানায়, গত ১৭ জুলাই জর্ডানে ইরানের হামলা প্রতিহত করার সময় যুক্তরাষ্ট্র ও মিত্রবাহিনীর দুই সেনা নিহত হন। একই ঘটনায় একজন সেনাসদস্য নিখোঁজ হন।

