মাইকেল জ্যাকসনের সম্মানে ওয়ারফেজের কনসার্ট, মাতলেন ভক্তরা

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে গত শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো ‘প্লেলিস্ট ট্রিবিউট টু অরিজিনালস’। পপসম্রাট মাইকেল জ্যাকসনকে শ্রদ্ধা জানাতে এই বিশেষ কনসার্টের আয়োজন করে জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ। কনসার্টটি সন্ধ্যা ৬টায় শুরু হওয়ার কথা থাকলেও কিছুটা বিলম্বিত হয়ে রাত ৭টা ১০ মিনিটে শুরু হয়। শুরুর আগেই মিলনায়তনের বাইরে মাইকেল জ্যাকসনের কাটআউট, পোস্টার আর অ্যালবামের তালিকায় ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

মঞ্চের সামনে বসানো পর্দায় অ্যানিমেটেড উপস্থাপনার মাধ্যমে শুরু হয় মূল আয়োজন। এরপর মাইকেল জ্যাকসনের সাজে এক শিল্পীর নাচের মুদ্রায় দর্শক চমকে ওঠেন। তুমুল করতালির মধ্য দিয়ে মঞ্চে হাজির হয় ওয়ারফেজ। ব্যান্ডের ভোকাল পলাশ নূরের কণ্ঠে ‘বিলি জিন’ গান দিয়ে শুরু হওয়া পরিবেশনায় এক ঘণ্টারও বেশি সময় ধরে মাইকেলের জাদুতে মেতে ছিলেন দর্শক। একটানা ১৬টি গান পরিবেশন করে ব্যান্ডটি। এর মধ্যে ‘ইউ আর নট অ্যালোন’, ‘ব্ল্যাক অর হোয়াইট’, ‘দে ডোন্ট কেয়ার অ্যাবাউট আস’, ‘হিউম্যান নেচার’, ‘বিট ইট’ ও ‘ব্যাড’-এর মতো গানগুলো ছিল উল্লেখযোগ্য।

কনসার্টে পলাশ নূরের পাশাপাশি ওয়াহিদা হোসাইনের কণ্ঠে ‘ব্যাড গার্ল’ পরিবেশনাটি বেশ প্রশংসিত হয়। এছাড়া ব্যাক ভোকালে তোরসা, অন্তরা ও তাসফিরের পারফরম্যান্স ছিল নজরকাড়া। অনুষ্ঠানের কিছু গানে মূল মিউজিক ট্র্যাক ব্যবহার করা হয়েছিল, আর মঞ্চে উজ্জ্বল ও হিমুর মতো পারফরমাররা মাইকেল জ্যাকসনের লুক অ্যালাইক হিসেবে নাচ পরিবেশন করেন। বান্দরবানের বেসিক গিটার লার্নিং স্কুলের শিক্ষার্থীদের পারফরম্যান্স আয়োজনটিকে ভিন্ন মাত্রা দেয়। পুরো কনসার্টজুড়ে পুরোনো দিনের টিভির আদলে তৈরি বড় পর্দায় মাইকেলের মিউজিক ভিডিওর আবহ ফুটিয়ে তোলা হয়।

রাত ৯টায় ‘উই আর দ্য ওয়ার্ল্ড’ গানটি দিয়ে কনসার্ট শেষ হয়। ১৯৮৫ সালে আফ্রিকার দুর্ভিক্ষপীড়িত মানুষের সহায়তায় তৈরি এই গানে ওয়ারফেজের সঙ্গে কণ্ঠ মেলান উপস্থিত দর্শকরাও। সব পারফরমার বাংলাদেশের পতাকা হাতে মঞ্চে এলে এক অন্যরকম আবহ তৈরি হয়। ১৯৯২ সালের এই দিনেই মাইকেল জ্যাকসন লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে তাঁর বিখ্যাত ‘ডেঞ্জারাস ওয়ার্ল্ড ট্যুর’-এর স্মরণীয় পারফরম্যান্স করেছিলেন। সেই দিনটির কথা স্মরণ করে ভক্তরা মাইকেলের প্রতি শ্রদ্ধা জানান। বর্তমানে তাঁর জীবন নিয়ে নির্মিত সিনেমা বক্স অফিসে রেকর্ড গড়ার পর, মৃত্যুর ১৭ বছর পরও বিশ্বজুড়ে এই পপসম্রাটের জনপ্রিয়তা যে অম্লান, তা এই কনসার্টের উন্মাদনাতেই স্পষ্ট ছিল।

সেই দিনেই আবার ঢাকায় অন্যভাবে ফিরে এলেন তিনি।.এমনিতেই ২০২৬ সালটা যেন ‘মাইকেল বর্ষ’।

কিছুদিন আগেই তাঁর জীবন নিয়ে নির্মিত সিনেমা মাইকেল বক্স অফিসে ১০০ কোটি ডলার আয় করে রেকর্ড গড়েছে।

কন্টেন্ট: সংগৃহীত