আগামী ২৪ ঘণ্টায় লঘুচাপের আভাস, ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এই লঘুচাপের প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত।

এই পরিস্থিতির কারণে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, ১২ ও ১৩ আগস্ট (বুধ ও বৃহস্পতিবার) খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু অংশে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বৃষ্টিপাতের এই ধারা ১৪ ও ১৫ আগস্ট (শুক্র ও শনিবার) পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এই দুই দিন দক্ষিণ ও পূর্বাঞ্চলের অধিকাংশ বিভাগে এবং বাকি বিভাগগুলোর কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা সামান্য ওঠানামা করলেও সার্বিকভাবে আবহাওয়া পরিস্থিতি একই রকম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।