ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, নিরাপদ আশ্রয়ে ১০ হাজার মানুষ

ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে দক্ষিণ ফ্রান্সের বিভিন্ন এলাকায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। জীবন ও সম্পদ রক্ষায় ওই অঞ্চলের প্রায় ১০ হাজার বাসিন্দাকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বিশেষ করে স্পেন সীমান্তের কাছে ফরাসি পাইরেনিসের পাদদেশে অবস্থিত এক ডজনেরও বেশি ছোট শহর ও গ্রামের বাসিন্দারা এই নির্দেশনার আওতায় পড়েছেন।

পেরপিনিয়ানের কাছে ত্রেভিলাক এলাকায় শুরু হওয়া এই দাবানলে ইতিমধ্যে ৪ হাজার ৬০০ হেক্টরেরও বেশি বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তীব্র বাতাসের কারণে সকাল থেকে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে এবং আগুন নেভানোর লড়াই নতুন করে শুরু করতে হয়েছে। এই বিধ্বংসী আগুনের প্রভাব বিখ্যাত সাইক্লিং প্রতিযোগিতা ‘ট্যুর ডি ফ্রান্স’-এর ওপরেও পড়েছে।

সংকট মোকাবিলায় ফ্রান্সের পাশে দাঁড়িয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন। তিনি সাইপ্রাস ও সুইডেন থেকে চারটি বিশেষ অগ্নিনির্বাপক বিমান পাঠানোর ঘোষণা দিয়েছেন।

ফ্রান্সের পাশাপাশি প্রতিবেশী দেশ স্পেনেও দাবানলের আঁচ লেগেছে। সেখানে কাতালোনিয়ার একটি প্রাকৃতিক উদ্যানের ২ হাজার ২০০ হেক্টরের বেশি বনভূমি ধ্বংস হয়েছে। তবে রয়টার্সের বরাতে বিবিসি জানিয়েছে, কাতালোন কর্তৃপক্ষের মতে শনিবার রাত থেকেই সেখানকার আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে এবং চলতি সপ্তাহের মধ্যেই তা সম্পূর্ণ নেভানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।