ভারতীয় গোয়েন্দা প্রধানের সফর নিয়ে যুব জাগপার প্রতিবাদ

ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধান পরাগ জৈন প্রতিনিধিদল নিয়ে বাংলাদেশে কী উদ্দেশ্যে অবস্থান করছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু। সোমবার রাজধানীর বিজয়নগর, পল্টন ও প্রেসক্লাব এলাকায় আয়োজিত এক বিক্ষোভ মিছিল শেষে তিনি এই প্রশ্ন রাখেন। মিছিলে ‘ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধান দেশে কেন? দেশবিরোধী ষড়যন্ত্র বন্ধ করো’ স্লোগান ব্যবহার করা হয়।

সমাবেশে নজরুল ইসলাম বাবলু বলেন, এই সফর কারা আয়োজন করেছে এবং কার সাথে তাঁর গোপন বৈঠক হচ্ছে, তা দেশপ্রেমিক জনগণ জানতে চায়। তিনি বিএনপিকে উদ্দেশ্য করে সতর্কবার্তায় বলেন, হাসিনামার্কা দেশ বিক্রির ষড়যন্ত্র করা থেকে বিরত থাকতে হবে। তাঁর মতে, দেশের মাটিতে ভারতীয় গোয়েন্দা সংস্থার সাথে এই গোপন বৈঠক নতুন কোনো ষড়যন্ত্রেরই আলামত।

যুব জাগপা সভাপতি আরও বলেন, ভারত খুনি হাসিনার মসনদ হারিয়ে এখন আওয়ামী লীগের জায়গায় বিএনপিকে ব্যবহার করতে চাইছে। তিনি দাবি করেন, একদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠক করছেন, অন্যদিকে ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রধান দেশের মাটিতে গোপন বৈঠক করছেন। তিনি স্পষ্টভাবে বলেন, মুচলেকার রাজনীতি বাংলাদেশে চলবে না এবং বাংলাদেশকে ভারতের করদ রাজ্য হতে দেওয়া হবে না।

বিক্ষোভ মিছিল পরবর্তী এই সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন জাগপা প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সহপ্রচার সম্পাদক সাইফ উদ্দিন, শ্রম বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান বাবুল, ঢাকা মহানগর জাগপা সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, যুব জাগপার সাংগঠনিক সম্পাদক এস এম ওলিউল আনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাছের, আশিকুর রহমান, কাউছার আহমেদ এবং জাগপা ছাত্রকাফেলার ঢাকা মহানগর সাধারণ সম্পাদক ইমরান হাসান রাহুল।