ওটিটি প্ল্যাটফর্মে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা শিল্পীদের জন্য যেমন শৈল্পিক চ্যালেঞ্জ রয়েছে, তেমনি শুটিংয়ের পর সেসব ক্লিপ ফাঁস হওয়ার আতঙ্কও পিছু ছাড়ে না। ‘লাস্ট স্টোরিজ ৩’–এর দুই অভিনয়শিল্পী বিজয় ভার্মা ও রাধিকা মদন সম্প্রতি এ বিষয়ে খোলামেলা কথা বলেছেন। তাঁদের মতে, কাজের সময় পেশাদারিত্ব বজায় রাখতে হলে এমন ঝুঁকির কথা মাথায় রেখেই এগোতে হয়। নিউজ১৮–কে দেওয়া সাক্ষাৎকারে রাধিকা মদন স্পষ্ট জানান, কোনো দৃশ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়লে তা অভিনেতার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তাই বিষয়টিকে নিয়ে অতিরিক্ত অস্থির না হয়ে নিজের কাজের ওপর আস্থা রাখাই শ্রেয়। এটা যৌনতা ও নিজের প্রয়োজন বোঝার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়: ৪১–এ পা দিয়ে রাধিকা। অভিনেতার বরং নিজের কাজ ও নির্মাতাদের উদ্দেশ্যের ওপর আস্থা রাখা উচিত।
রাধিকা আরও বলেন, যাদের দৃষ্টিভঙ্গি বিকৃত, তাদের মনমানসিকতা পরিবর্তন করা সম্ভব নয়। এটি নিয়ে আলাদা করে ভাবলে কাজে মনোযোগ দেওয়া অসম্ভব। তিনি স্বীকার করেন, অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের আগে সম্ভাব্য ঝুঁকির কথা তিনি ভাবেন, তবে কাজের খাতিরে সেই ভয়কে দূরে সরিয়ে রাখতেই হয়। এ ছবিটিতে আলি ফজলের সঙ্গে তাঁর একটি অন্তরঙ্গ দৃশ্য রয়েছে। এদিকে বিজয় ভার্মার ব্যক্তিগত অভিজ্ঞতাও বেশ তিক্ত। ‘লাস্ট স্টোরিজ ২’–এ তৎকালীন প্রেমিকা তামান্না ভাটিয়ার সঙ্গে তাঁর একটি অন্তরঙ্গ দৃশ্য ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল, যা বিভিন্ন সাইটে ছড়িয়ে পড়েছিল। রাধিকা বলেন, ‘যাদের দৃষ্টিভঙ্গিই খারাপ, তাদের জন্য আমরা কী করতে পারি।
বিজয় বলেন, শুটিংয়ের সময় অভিনেতাকে দর্শকের দৃষ্টিভঙ্গি থেকে নিজেকে মানসিকভাবে বিচ্ছিন্ন করতে হয়। এটিই বর্তমান সময়ের বাস্তবতা যে কিছু দৃশ্য অনিচ্ছাসত্ত্বেও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। তিনি আরও জানান, অনেক সময় নির্দিষ্ট কিছু ক্লিপ ইন্টারনেটে বেশি ভাইরাল হয় এবং বারবার সামনে আসে। কিন্তু এসব চিন্তা মাথায় রাখলে অভিনেতা হিসেবে নিজের সীমানা অতিক্রম করা কঠিন হয়ে পড়ে।
অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার অভিজ্ঞতা নিয়ে এর আগেও মুখ খুলেছেন অভিনেত্রী রাধিকা আপতে। ২০১৬ সালের ‘পার্চড’ সিনেমায় তাঁর নগ্ন দৃশ্য অনলাইনে ফাঁস হওয়ার পর তিনি রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছিলেন। রাধিকা আপতে জানিয়েছিলেন, ভিডিওটি ফাঁস হওয়ার পর তিনি বুঝতে পারেন, পরিচিত ও অপরিচিত প্রায় সবাই সেটি দেখে ফেলেছেন। সেই সময় তিনি একা থাকতেন, যা তাঁর ব্যক্তিগত নিরাপত্তা ও মানসিক অবস্থার ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলেছিল। ফলে বিষয়টি তাঁর ব্যক্তিগত নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি করেছিল।
ঘটনার পর কয়েক দিন বাড়ি থেকে বের হওয়া অসম্ভব হয়ে পড়েছিল রাধিকা আপতের জন্য। বিষয়টি দ্রুত তাঁর ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলে; এমনকি তাঁর বাড়ির নিরাপত্তাকর্মী ও পরিচিত চালকেরাও সেই ভিডিও দেখে ফেলেছিলেন। একজন স্টাইলিস্ট তাঁকে জানিয়েছিলেন যে, রাধিকার চালক ভিডিওটি বারবার দেখছিলেন এবং তিনি তার বাড়িতে কাজে যাচ্ছেন কি না, তা নিয়ে কৌতূহল প্রকাশ করেছিলেন। এই তিক্ত অভিজ্ঞতা থেকেই প্রমাণিত হয়, পর্দার অভিনয় কীভাবে পর্দার বাইরের জীবনেও অনাকাঙ্ক্ষিত বিপদ বয়ে আনতে পারে।
‘লাস্ট স্টোরিজ ৩’ সিনেমায় ভালোবাসা, আকাঙ্ক্ষা ও আধুনিক সম্পর্কের নানা জটিল সমীকরণ উঠে এসেছে। ছবিটির চারটি গল্প পরিচালনা করেছেন বিক্রমাদিত্য মোতওয়ানে, কিরণ রাও, শকুন বাত্রা ও বিশাল ভরদ্বাজ। মূল চরিত্রে বিজয় ভার্মা, রাধিকা মদন, আলি ফজল, অদিতি রাও হায়দারি ও কঙ্কনা সেন শর্মার মতো অভিনয়শিল্পীরা রয়েছেন।

