চেন্নাই সুপার কিংসে বোলিং কোচ হিসেবে যোগ দিচ্ছেন মোহিত

চেন্নাই সুপার কিংসে (সিএসকে) নতুন বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মোহিত শর্মা। ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার আগে চার মৌসুম সিএসকের হয়ে খেলেছেন। তিনি এরিক সিমন্সের স্থলাভিষিক্ত হবেন, যিনি আগের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিংয়ের অধীনে দায়িত্ব পালন করছিলেন। নতুন প্রধান কোচ জহির খানের অধীনে সাপোর্ট স্টাফ হিসেবে তিনিই প্রথম যোগ দিচ্ছেন।

সিএসকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাশি বিশ্বনাথন জানান, সাপোর্ট স্টাফ চূড়ান্ত করার প্রক্রিয়ায় রয়েছেন জহির খান। তার পরিকল্পনায় বোলিং কোচের জন্য মোহিত শর্মা রয়েছেন। মোহিত ভারতের হয়ে আটটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এবং ২০২৫ মৌসুম পর্যন্ত আইপিএলে অংশ নিয়েছেন। গত ডিসেম্বরে সব ধরনের ক্রিকেট থেকে অবসর গ্রহণের আগে তিনি সিএসকের হয়ে আইপিএলে ৪৮টি এবং চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে ১০টি ম্যাচ খেলেছেন।

২০২৭ মৌসুমের জন্য ব্যাটিং কোচ এখনো চূড়ান্ত করেনি চেন্নাই। বর্তমান ব্যাটিং কোচ মাইকেল হাসি প্রধান কোচের দৌড়ে থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। শোনা যাচ্ছে, ব্যাটিং কোচের পদে তিন-চারজনের নাম নিয়ে আলোচনা চলছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

উল্লেখ্য, ২০২৩ সালে সর্বশেষ শিরোপা জয়ের পর গত তিন মৌসুমে প্লে-অফে উঠতে ব্যর্থ হয়েছে সিএসকে। এই ব্যর্থতার জেরে দীর্ঘদিনের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিংয়ের সঙ্গে চলতি বছরের শুরুতে চুক্তি শেষ করে দলটি। জহির খানের নেতৃত্বে এখন নতুন করে দল সাজাচ্ছে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা।