খুলনায় গুলি-পিস্তল-ককটেলসহ ৩ জন গ্রেপ্তার

খুলনার রূপসা সেতুর উত্তর পাশে পুলিশ দেখে পালানোর সময় তিনজনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাদের কাছ থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি এবং তিনটি বোমাসদৃশ ককটেল উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন আল আমিন (২৩), রনি মোল্লা ওরফে কসাই রনি (২৮) এবং স্বরন জোমাদ্দার ওরফে সজল জোমাদ্দার (২৬)। আল আমিন লবণচরা থানার মাথাভাঙ্গা জুট মিল এলাকার বাসিন্দা, রনি মোল্লা রূপসা উপজেলার বাগমারা এলাকার এবং স্বরন জোমাদ্দার লবণচরা এলাকার বাসিন্দা।

পুলিশের তথ্য অনুযায়ী, রূপসা সেতুর উত্তর পাশে নদীর ঘাটে ইউনুস আলীর মালিকানাধীন একটি সিমেন্ট আনলোডের ঘাট রয়েছে। ইউনুস আলী অভিযোগ করেছেন যে, স্থানীয় ‘বি-কোম্পানি’ ও ‘নুর আজিম বাহিনী’র সদস্য পরিচয়ে কয়েকজন তার কাছে বিভিন্ন সময়ে চাঁদা দাবি করে আসছিলেন এবং তাকে ভয়ভীতি দেখাচ্ছিলেন। এর ফলে মঙ্গলবার ঘাটে সিমেন্ট আনলোডের কাজ বন্ধ ছিল।

এই তথ্যের ভিত্তিতে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য অভিযান চালানো হয়। সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে রূপসা সেতুর উত্তর পাশে জালাল আহমেদের তুষ-কুড়া মিলের সামনে ফাঁকা জায়গায় পুলিশ দল পৌঁছায়। এ সময় হেলমেট ও মুখোশ পরা তিনজনকে মোটরসাইকেলে করে পালানোর চেষ্টা করতে দেখা যায়। তাদের মুখ গামছা দিয়েও ঢাকা ছিল।

পুলিশ ধাওয়া করে তাদের আটক করে। পরে তল্লাশি চালিয়ে একটি পিস্তল, চার রাউন্ড গুলি এবং তিনটি বোমাসদৃশ ককটেল উদ্ধারের দাবি করা হয়। লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন জানিয়েছেন, গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।