ঢালিউড তারকা অপু বিশ্বাসের একটি ভিডিও নেটদুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে দেখা যায়, হবু বর-কনের সাজে মেহেদি পরার অনুষ্ঠানে এক যুবক হঠাৎ করেই অপুকে চুমু খেয়ে বসেন। এমন আকস্মিক ঘটনায় অপু কিছুটা লজ্জিত হলেও মুচকি হেসে বিষয়টি স্বাভাবিকভাবে সামলে নেন। মুহূর্তেই এই দৃশ্য ভাইরাল হওয়ায় নেটিজেনদের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছে।
ভিডিওর সেই যুবকের নাম আদনান আজাদ। তিনি অভিনয় ও মডেলিংয়ের পাশাপাশি বন্যপ্রাণী ও প্রকৃতির আলোকচিত্রী হিসেবে কাজ করেন। প্রায় দেড় যুগ আগে ‘পাষাণের প্রেম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক ঘটেছিল, যেখানে অপু বিশ্বাস তার বিপরীতে অভিনয় করেছিলেন। এরপর অপু শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ব্যাপক জনপ্রিয়তা পেলেও, আদনান বড় পর্দায় নিজের অবস্থান স্থায়ী করতে পারেননি। এখন পুরনো সহকর্মীর সঙ্গে অপুর এই নতুন ভিডিও ঘিরে তাদের সম্পর্কের সমীকরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা-কল্পনা চলছে।

