রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে চলছে শিল্পী জেইন ইফেলের একক চিত্রকর্ম প্রদর্শনী ‘ইঙ্কোগ্রাফি: অ্যা ক্রোম্যাটিক সাইলেন্স’। এই প্রদর্শনীর উদ্বোধনী আয়োজনে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন শিল্পসমালোচক মঈনুদ্দিন খালেদ ও প্রখ্যাত শিল্পী রশিদ আমিন। শিল্পীর সাম্প্রতিক সৃজনশীল কাজের এই প্রদর্শনীটি ইতিমধ্যেই শিল্পপ্রেমীদের মাঝে বেশ সাড়া ফেলেছে।
প্রদর্শনীতে কলমের কালির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে শিল্পীর কল্পনাপ্রসূত বিভিন্ন দৃশ্য। সাদা-কালো রঙের এই শিল্পকর্মগুলোতে রেখা ও আলো-ছায়ার সূক্ষ্ম ব্যবহার এবং ছন্দময় পুনরাবৃত্তির মাধ্যমে নানামুখী জটিল নকশা তৈরি করা হয়েছে। এসব নকশার গভীরে বিমূর্ত রূপ এবং মানুষের মুখাবয়বের ছাপ স্পষ্ট হয়ে ওঠে। বাস্তব ও কল্পনার এক মেলবন্ধনে পরিচিত ও অপরিচিত বিষয়ের মিশেলে শিল্পী এক স্বতন্ত্র শৈলী উপস্থাপন করেছেন।
নিজের শিল্পচর্চা প্রসঙ্গে জেইন ইফেল জানান, তিনি কোনো নির্দিষ্ট গণ্ডিতে নিজেকে বেঁধে রাখতে চান না। চারপাশের অভিজ্ঞতা, সমাজ, সাহিত্য, স্মৃতি এবং মানবজীবন তাঁর কাজের মূল অনুপ্রেরণা হিসেবে কাজ করে। তাঁর চিত্রকর্মে কিউবিজম, স্টেনসিল এবং অভিব্যক্তিবাদী ধারার প্রভাব লক্ষ্য করা যায়। জয়নুল আবেদিন, এস এম সুলতান, পাবলো পিকাসো, আলবের্তো জিয়াকোমেত্তি ও ওসওয়ালদো গুয়ারায়াসিনের মতো কিংবদন্তি শিল্পীদের থেকে তিনি অনুপ্রেরণা পেলেও নিজের স্বকীয়তায় গড়ে তুলেছেন আলাদা শিল্পভাষা।
প্রদর্শনীতে শিল্পকর্মগুলোর কোনো নির্দিষ্ট ব্যাখ্যা দর্শকের ওপর চাপিয়ে দেওয়া হয়নি। এর ফলে দর্শকরা নিজের দৃষ্টিভঙ্গি ও অনুভূতি অনুযায়ী শিল্পকর্মগুলো উপভোগ করার সুযোগ পাচ্ছেন। আগামী ১৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এই প্রদর্শনীটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

