রাড্ডা ক্লিনিক দখলের ঘটনায় কেবল সাংগঠনিক ব্যবস্থা নেওয়া যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে আইনি পদক্ষেপ গ্রহণ করে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি উত্থাপন করেন।
ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, রাতের আঁধারে রাড্ডা ক্লিনিক দখলের অনাকাঙ্ক্ষিত ঘটনায় সরকার ও সরকারি দল ইতোমধ্যে সাংগঠনিক পদক্ষেপ নিতে শুরু করেছে। তবে এত বড় অপরাধের ক্ষেত্রে শুধুমাত্র দলীয় বা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করাই যথেষ্ট হতে পারে না। দেশবাসী যাতে এই বিষয়ে একটি দৃশ্যমান এবং বিশ্বাসযোগ্য আইনি পদক্ষেপ দেখতে পায়, প্রশাসনকে সেটিও নিশ্চিত করতে হবে।
জামায়াত আমির আরও বলেন, হামলা ও লুটপাটের কারণে ক্ষতিগ্রস্ত হওয়া স্বাস্থ্যকেন্দ্রটি টেকসইভাবে পুনর্নির্মাণের সম্পূর্ণ দায়িত্ব সরকারকেই নিতে হবে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করা জরুরি বলে তিনি মনে করেন।

