গাজীপুর মহানগরীর টঙ্গীতে তুরাগ নদে মাছ ধরতে নেমে নিখোঁজ হওয়া দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। টানা ২৩ ঘণ্টার রুদ্ধশ্বাস উদ্ধার অভিযানের পর বৃহস্পতিবার তাদের মরদেহ খুঁজে পাওয়া যায়। এর আগে বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে টঙ্গীর জামাইবাজার এলাকায় রেলওয়ে ব্রিজের নিচে মাছ ধরতে গিয়ে স্রোতের টানে তারা নিখোঁজ হয়েছিল। একপর্যায়ে নদীর স্রোতে ভেসে গিয়ে তারা নিখোঁজ হয়।
উদ্ধার হওয়া শিশুদের মধ্যে মো. আবু ইউনুস (১০) টঙ্গীর বউবাজার এলাকার আলী কমিশনারের বাড়ির ভাড়াটিয়া শাহজাহানের ছেলে। অপর শিশু নিরব (৯) একই বাড়ির ভাড়াটিয়া শাহ আলমের সন্তান। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে রেলওয়ে ব্রিজের নিচ থেকে আবু ইউনুসের এবং বিকেল ৪টা ১০ মিনিটে নিরবের মরদেহ উদ্ধার করা হয়।
টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম জানান, বুধবার বিকেলে খবর পাওয়ার পরপরই ডুবুরিরা তল্লাশি শুরু করেন। তবে রাতে আলো স্বল্পতা ও প্রতিকূল পরিস্থিতির কারণে অভিযান সাময়িক স্থগিত রাখা হয়েছিল। বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় উদ্ধারকাজ শুরু করলে একে একে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। আকস্মিক এই ঘটনায় এলাকাটিতে শোকের ছায়া নেমে এসেছে। রাত সাড়ে ৭টা পর্যন্ত অভিযান চালিয়েও তাদের সন্ধান পাওয়া যায়নি।

