বাংলা চলচ্চিত্র, নাটক, সংগীত ও সংস্কৃতির গৌরবময় ঐতিহ্যকে প্রবাসের মাটিতে তুলে ধরতে আবারও ফিরে আসছে জনপ্রিয় আয়োজন ‘ঢালিউড অ্যাওয়ার্ড-২০২৬’। আগামী ১০ অক্টোবর নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির ইভাঞ্জেল চার্চ সেন্টারে এই জমকালো অনুষ্ঠানটি আয়োজিত হবে। ‘শো টাইম’ প্রেসিডেন্ট খায়রুল ইসলাম খোকন ও ভাইস প্রেসিডেন্ট চৌধুরী সাফওয়াত গণির পৃষ্ঠপোষকতায় ও সার্বিক তত্ত্বাবধানে এই অনুষ্ঠানটি পরিচালিত হবে। আয়োজনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন শাহিন কবির। এর আগে কিছু কারণে এক সিজনের বিরতি থাকলেও নতুন উদ্যমে এবার এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানটি আয়োজিত হতে যাচ্ছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের আসরে বাংলাদেশ থেকে এ পর্যন্ত রেকর্ড সংখ্যক জনপ্রিয় তারকা অংশ নিচ্ছেন। বিনোদন অঙ্গনের বিভিন্ন শাখার শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি সাজানো হয়েছে। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন চিত্রনায়ক শাকিব খান। তিনি শুধু সম্মাননা গ্রহণই করবেন না, বরং স্টেজ পারফরম্যান্সেও অংশ নেবেন। প্রায় পাঁচ বছর পর যুক্তরাষ্ট্রের এই মঞ্চে ফিরছেন তিনি, এর আগে ২০২১ সালে জ্যামাইকায় আয়োজিত ১৯তম ঢালিউড অ্যাওয়ার্ডে তাকে দেখা গিয়েছিল। তাদের দাবি, ‘ঢালিউড অ্যাওয়ার্ড-২০২৬’-এর এবারের আসরে বাংলাদেশ থেকে এ পর্যন্ত সবচেয়ে বেশি সংখ্যক জনপ্রিয় তারকার অংশগ্রহণ থাকছে।
এছাড়া আমন্ত্রিত তারকাদের তালিকায় রয়েছেন আফজাল হোসেন, মিশা সওদাগর, অমিত হাসান, নিরব হোসেন, ইমন, চঞ্চল চৌধুরী, তমা মির্জা, প্রার্থনা ফারদিন দীঘি, তানজিয়া জামান মিথিলা, স্পর্শিয়া, শিরিন শিলা, জলি ও সামিরা খান মাহি। সংগীতাঙ্গন থেকে থাকছেন রিজিয়া পারভীন, এস আই টুটুল ও বিন্দু কনার মতো শিল্পীরা। তবে কাদের হাতে এবারের সম্মাননা তুলে দেওয়া হবে, তা অনুষ্ঠানের দিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন পৃষ্ঠপোষক খায়রুল ইসলাম খোকন।
আয়োজক খায়রুল ইসলাম খোকন জানান, আমাদের মূল লক্ষ্য হলো দেশীয় সংস্কৃতি ও শিল্পীদের প্রবাসে যথাযথ সম্মান জানানো। এবারের আয়োজনে বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় মুখদের পাশাপাশি সংগীত ও সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীদের মেলবন্ধন ঘটবে। চৌধুরী সাফওয়াত গণি বলেন, ঢালিউড অ্যাওয়ার্ড আমাদের কাছে শুধু পুরস্কার প্রদানের মাধ্যম নয়, এটি দেশের সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরার একটি মাধ্যম। বিরতির পর নতুন প্রত্যয়ে শুরু হওয়া এই আয়োজনটি প্রবাসী দর্শকদের জন্য একটি স্মরণীয় অনুষ্ঠান উপহার দেবে বলে আমরা আশাবাদী। অনুষ্ঠানের দিন তারকাদের সম্মাননা প্রদানের পাশাপাশি জমকালো সংগীত পরিবেশনা ও বিশেষ পারফরম্যান্সের মাধ্যমে পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলার প্রস্তুতি নিয়েছেন আয়োজকেরা। ফলে এবারের আয়োজনকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এরই মধ্যে তৈরি হয়েছে বেশ আগ্রহ।

