ভারতের বিপক্ষে আফগানিস্তানের আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের টেলিভিশন সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে সনি স্পোর্টস নেটওয়ার্ক। এই সিরিজের বৈশ্বিক স্বত্বাধিকারী প্রতিষ্ঠান আইটিডব্লিউ ইউনিভার্স জিওস্টার ও জি ইউনিটে৮-এর মতো অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের সাথে আলোচনার পর সনিকে এই স্বত্ব প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। আইটিডব্লিউ ইউনিভার্সের এক শীর্ষ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে সিরিজের ডিজিটাল স্বত্ব ফ্যানকোডের কাছেই থাকছে।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এই সিরিজের আয়োজক। বর্তমানে নির্ধারিত সূচি অনুযায়ী, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আনুষ্ঠানিকভাবে এই সূচিতে অনুমোদন দিয়েছে। তবে এই সূচি পরিবর্তনের জন্য এসিবি প্রধান নির্বাহী নাসিব খানের কাছে অনুরোধ জানানো হয়েছে, যাতে একটি ম্যাচ ১৪ সেপ্টেম্বর গণেশ চতুর্থীর দিনে আয়োজন করা সম্ভব হয়।
আইটিডব্লিউ ইউনিভার্সের প্রতিষ্ঠাতা ভৈরব শান্ত এসিবি সিইও নাসিব খানের কাছে পাঠানো চিঠিতে উল্লেখ করেছেন, সিরিজের সাফল্য নিশ্চিত করতে তারা সূচিতে একটি ছোট কিন্তু অর্থবহ পরিবর্তনের অনুরোধ করছেন। তিনি প্রস্তাব করেছেন, ম্যাচগুলো ১১ সেপ্টেম্বর (শুক্রবার), ১৩ সেপ্টেম্বর (রবিবার) এবং ১৪ সেপ্টেম্বর (সোমবার) গণেশ চতুর্থীর দিনে আয়োজন করা যেতে পারে। বিকল্প হিসেবে ১৩ ও ১৪ সেপ্টেম্বরের সাথে ১৬ বা ১৭ সেপ্টেম্বরের যেকোনো একটি দিন রাখার কথাও বলা হয়েছে। তিনি জানান, উভয় বিকল্পই তিন ম্যাচের সিরিজটিকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার সুযোগ রাখে এবং বর্তমান সূচি থেকে খুব সামান্য পরিবর্তনের প্রয়োজন হবে।
ভৈরব শান্তর মতে, গণেশ চতুর্থী ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ও আবেগঘন উৎসব। এই দিনে একটি ম্যাচ আয়োজন করলে আফগানিস্তান ক্রিকেট বোর্ড ভারতীয় সংস্কৃতি ও ক্রিকেটপ্রেমীদের অনুভূতির প্রতি সম্মান প্রদর্শন করবে। এটি বিসিসিআই ও এসিবির মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে তিনি মনে করেন। এর আগে ১১ আগস্ট ক্রিকবাজ এই সূচি পরিবর্তনের বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল।

