ভারতের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ দাবি করেছেন যে, বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে বেঙ্গালুরুর ভোটার তালিকা থেকে তার নাম বাদ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে একটি ভিডিও বার্তা প্রকাশ করে তিনি এই অভিযোগ তোলেন। অভিনেতা দাবি করেন, বেঙ্গালুরুর প্রায় ৬৫ লাখ ভোটারের ভোটাধিকার কেড়ে নেওয়ার যে প্রক্রিয়া চলছে, তিনি তার একজন ভুক্তভোগী।
ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার বিষয়ে আইনি লড়াইয়ের ইঙ্গিত দিয়ে প্রকাশ রাজ বলেন, ‘যাক, কৌতুকটা বেশ ভালোই ছিল। খেলা শুরু হয়ে গেছে। দেখা যাক আমার ভোটার আইডি ফেরত পেতে আমাকে আর কী কী নিয়মের মধ্য দিয়ে যেতে হয় এবং কী কী নথিপত্র জমা দিতে হয়।’ কেন্দ্রীয় সরকারের নাম সরাসরি উল্লেখ না করলেও তিনি কটাক্ষ করে বলেন, ক্ষমতা ব্যবহার করে যারা ভোট দেবে না, তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়তো সম্ভব, কিন্তু এভাবে নাগরিকদের আটকানো যাবে না।
অভিনেতার এই অভিযোগের পর বেঙ্গালুরু সেন্ট্রাল সিটি কর্পোরেশন একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে, বুথ লেভেল অফিসার (বিএলও) বাড়ি বাড়ি গিয়ে যাচাইয়ের সময় জানতে পারেন যে, প্রকাশ রাজ নিবন্ধিত ঠিকানায় আর বসবাস করেন না। বিএলও ওই ফ্ল্যাটের প্রতিবেশী ও প্রপার্টি ম্যানেজারের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছেন যে, গত চার বছর ধরে অভিনেতা সেখানে থাকছেন না এবং বর্তমানে সেখানে অন্য ভাড়াটিয়ারা বসবাস করছেন।
ফ্ল্যাটের মালিকও টেলিফোনে বিষয়টি নিশ্চিত করেছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। তাদের তথ্যের ভিত্তিতেই নিয়ম অনুযায়ী স্পট ইনস্পেকশন রিপোর্ট তৈরি করে প্রকাশ রাজের ভোটার স্ট্যাটাস ‘স্থানান্তরিত’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সিটি কর্পোরেশন জোর দিয়ে বলেছে, নির্বাচন কমিশনের নির্ধারিত আইনি বিধি মেনেই এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
বেঙ্গালুরু সেন্ট্রাল সিটি কর্পোরেশনের কমিশনার ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা জগদীশ জি জানিয়েছেন, তিনি ব্যক্তিগতভাবে অভিনেতা প্রকাশ রাজের সঙ্গে ফোনে কথা বলেছেন। জগদীশ জি বলেন, ‘তিনি স্বীকার করেছেন যে উল্লিখিত ঠিকানায় তিনি আর থাকেন না, বরং শান্তিনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অন্য একটি ঠিকানায় বসবাস করছেন। তাকে পরামর্শ দেওয়া হয়েছে যেন তিনি বর্তমান ঠিকানার বিএলও-এর মাধ্যমে ‘ফর্ম-৬’ পূরণ করে পুনরায় নাম নথিভুক্ত করেন। ফলে তার আনা অভিযোগগুলো যাচাইয়ের পর ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছে।’
উল্লেখ্য, এর আগে গত ১০ জুলাই একটি ফৌজদারি মামলায় অভিনেতা প্রকাশ রাজকে শর্তসাপেক্ষ জামিন দেয় নগর আদালত। সেই মামলায় অভিযোগ ছিল, তিনি ভিন্ন ভিন্ন জায়গায় নিবন্ধিত চারটি ভোটার কার্ড অবৈধভাবে নিজের কাছে রেখেছেন। ওই মামলায় তার বিরুদ্ধে অ-জামিনযোগ্য পরোয়ানাও জারি করা হয়েছিল।
নিজের এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন, এই প্রক্রিয়ায় ভোটাধিকার হারানো বেঙ্গালুরুর প্রায় ৬৫ লাখ ভোটারের মধ্যে তিনিও একজন।
কিন্তু আমাদের কি আপনারা আটকাতে পারবেন?
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

