ইংল্যান্ড সিরিজের ভারত ‘এ’ দলে ফিরলেন শ্রেয়াঙ্কা পাতিল ও কাশভী

আগামী ৩০ নভেম্বর থেকে পুনে ও মুম্বাইয়ে শুরু হতে যাওয়া ইংল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে অল-ফরম্যাট সিরিজের জন্য ভারত ‘এ’ দল ঘোষণা করা হয়েছে। অলরাউন্ডার শ্রেয়াঙ্কা পাতিল তিন ফরম্যাটের দলেই ডাক পেয়েছেন। সর্বশেষ এশিয়ান গেমসে ভারতের স্বর্ণজয়ী দলের সদস্য থাকা সত্ত্বেও জিম্বাবুয়ে সিরিজ এবং দক্ষিণ আফ্রিকা সফর থেকে বাদ পড়ার পর এই সিরিজের মাধ্যমে তিনি আবার মাঠে ফিরছেন। শ্রেয়াঙ্কার পাশাপাশি মিনু মণি, শিপরা গিরি, তানিশা সিং এবং সাইমা ঠাকুরও তিন ফরম্যাটের স্কোয়াডেই জায়গা করে নিয়েছেন।

ইনজুরি কাটিয়ে দীর্ঘ সময় পর মাঠে ফিরছেন পেসার কাশভী গৌতম। গত এপ্রিলে দক্ষিণ আফ্রিকা সফরের পর হাঁটুর অস্ত্রোপচারের কারণে তিনি মাঠের বাইরে ছিলেন। বর্তমানে চণ্ডীগড়ের হয়ে সিনিয়র নারী টি-টোয়েন্টি ট্রফিতে খেলে তিনি নিজের ফিটনেস প্রমাণ করেছেন এবং সাদা বলের দুই ফরম্যাটের দলেই তাকে রাখা হয়েছে। সিরিজের টি-টোয়েন্টি ও একদিনের ম্যাচে ভারতের নেতৃত্ব দেবেন ব্যাটার অনুষ্কা শর্মা, আর তার সহকারী হিসেবে থাকবেন মিনু মণি। তবে লাল বলের মাল্টি-ডে ম্যাচে মিনু মণি অধিনায়ক এবং তেজাস হাসাবনিস সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন।

ভারত ‘এ’ টি-টোয়েন্টি স্কোয়াড: অনুষ্কা শর্মা (অধিনায়ক), মিনু মণি (সহ-অধিনায়ক), বৃন্দা দিনেশ, তানিশা সিং, সানিকা চালকে, নিকি প্রসাদ, জি কমলিনি, শিপরা গিরি, আমানজৌত কৌর, শ্রেয়াঙ্কা পাতিল, বৈষ্ণবী শর্মা, প্রেমা রাওয়াত, সাইমা ঠাকুর, মনিকা প্যাটেল ও কাশভী গৌতম। একদিনের ম্যাচের দলে যুক্ত হয়েছেন প্রিয়া পুনিয়া, তেজাস হাসাবনিস, আমিশা বাহুকান্দি, শবনম শাকিল ও অক্ষিতা ভগত। মাল্টি-ডে ম্যাচের স্কোয়াডে রাখা হয়েছে শুভ সতীষ, পূর্বাঞ্জ ভেরলেকার, হেনরিয়েটা পেরেরা ও উমা ছেত্রীকে।

পুনেতে ৩০ নভেম্বর প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে দুপুর ১টায়। সিরিজের পরবর্তী দুটি টি-টোয়েন্টি ৩ ও ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬টা থেকে। এরপর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৮, ১১ ও ১৪ ডিসেম্বর তিনটি একদিনের ম্যাচ খেলা হবে। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়। একই ভেন্যুতে ১৯ ডিসেম্বর থেকে শুরু হবে সিরিজের একমাত্র চার দিনের দীর্ঘ ফরম্যাটের ম্যাচটি।