হার্টের শত্রু পোড়া তেল হতে পারে জ্বালানির উৎস

রান্নার একই তেল বারবার গরম করে ব্যবহার করা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এটি হৃদরোগের বড় কারণ হিসেবে বিবেচিত হলেও, এই পোড়া তেলকে সঠিকভাবে সংগ্রহ করে বায়োডিজেলে রূপান্তরের মাধ্যমে পরিবেশবান্ধব জ্বালানি হিসেবে কাজে লাগানো সম্ভব। আজ বুধবার রাজধানীর শাহবাগে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) প্রধান কার্যালয়ে আয়োজিত এক সেমিনারে বিশেষজ্ঞরা এ তথ্য তুলে ধরেন। তবে পোড়া তেল ঠিকমতো সংগ্রহ করে বায়োডিজেলে রূপান্তরের মাধ্যমে তা হতে পারে যানবাহন ও যন্ত্র চালানোর জ্বালানি।

‘মানবস্বাস্থ্য ও পরিবেশের ওপর ব্যবহৃত রান্নার তেলের ক্ষতিকর প্রভাব’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে বিএফএসএ ও বায়োটেক এনার্জি লিমিটেড।

অনুষ্ঠানের প্রধান অতিথি বিএফএসএ চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বলেন, মানুষের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি অঙ্গ হলো মাথা ও হার্ট। বারবার ব্যবহৃত পোড়া তেল হার্টের ওপর সরাসরি আঘাত করে। তাই ব্যবসায়ীদের উদ্দেশ্য করে তিনি বলেন, একটু বেশি দামে হলেও নতুন তেলে তৈরি খাবার বেছে নেওয়ার প্রবণতা তৈরি হচ্ছে গ্রাহকদের মধ্যে। ব্যবসায়ীদের উচিত নিরাপদ খাদ্যের এই আস্থাকে গুরুত্ব দেওয়া এবং বারবার তেল গরম করা পরিহার করা। তাই ব্যক্তি পর্যায়ের পাশাপাশি ব্যবসায়ীদেরও পোড়া তেল পরিহার করতে উদ্বুদ্ধ করেন তিনি। ‎ব্যবসায়ীদের উদ্দেশে শফিকুল ইসলাম বলেন, কোনো বিক্রেতা পোড়া তেলে না ভেজে নতুন তেলে শিঙাড়া ভাজলে দাম কিছুটা বেশি হলেও ক্রেতারা সেটিই কিনবেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য মোহাম্মদ সোয়েব। তিনি জানান, রান্নার তেল ২০০ থেকে ২৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দীর্ঘক্ষণ ধরে বারবার ব্যবহার করলে তা নষ্ট হয়ে যায়। এ সময় উপকারী সিস ফ্যাট ক্ষতিকর ট্রান্স ফ্যাটে রূপান্তরিত হয়, যা শরীরে উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক, রক্তনালিতে চর্বি জমা, এমনকি ক্যানসারের মতো জটিল রোগের ঝুঁকি বাড়ায়।

পরিবেশের ক্ষতির দিকটি তুলে ধরে বায়োটেক এনার্জির ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লা আল হামিদ বলেন, মাত্র ১ লিটার পোড়া তেল প্রায় ১০ লাখ লিটার পানি দূষিত করতে সক্ষম। মাটি ও জলজ প্রাণের জন্য এই তেল মারাত্মক হুমকি। তিনি জানান, বর্তমানে তাঁদের প্রতিষ্ঠান প্রতি মাসে ১০০ টনের বেশি পোড়া তেল সংগ্রহ করছে। ২০৩০ সালের মধ্যে তা ১০০০ টনে উন্নীত করার লক্ষ্য রয়েছে। সাভারে অবস্থিত নিজস্ব কারখানায় এই তেল থেকে বায়োডিজেল ও গ্লিসারিন তৈরি করা হচ্ছে, যা বিদেশে রপ্তানিও করা হয়। আবার পোড়া তেল ফেলে দিলে তা মাটি ও জলজ প্রাণীর ক্ষতি করে মারাত্মকভাবে। ২০৩০ সালের মধ্যে মাসে এক হাজার টন সংগ্রহের আশা তাঁদের। তিনি জানান, সাভারে প্রতিষ্ঠানের নিজস্ব কারখানায় এই তেল থেকে বায়োডিজেল ও উপজাত পণ্য হিসেবে গ্লিসারিন উৎপাদন করা হয়। উল্লেখ্য, অনুষ্ঠানে বায়োডিজেলের কিছু নমুনা দর্শকদের জন্য প্রদর্শন করা হয়েছিল।

মুক্ত আলোচনায় অংশ নেওয়া ব্যবসায়ী প্রতিনিধিরা রান্নার তেল কতটুকু পোড়া হয়েছে তা যাচাইয়ের জন্য সহজলভ্য কিট বা যন্ত্রের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। বিএফএসএ সদস্য মো. আনোয়ারুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিএফএসএর সদস্য আ ন ম নাজিম উদ্দীন এবং মোহাম্মদ মোস্তফা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।