ইন্ডাস্ট্রিতে স্ট্রাগল ও কাজের অনিশ্চয়তা নিয়ে যা বললেন ঐন্দ্রিলা

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা সেন দীর্ঘ সময় ধরে কাজ করলেও পছন্দের চরিত্রের জন্য এখনো তাকে অপেক্ষায় থাকতে হয়। কাজের অনিশ্চয়তা এবং ইন্ডাস্ট্রির কঠিন সংগ্রামের বিষয়টি সম্প্রতি সামনে এনেছেন তিনি। জি ফাইভের সিরিজ ‘শ্বেতকালী’র দ্বিতীয় সিজন মুক্তির আগে অভিনয় জীবনের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরে অভিনেত্রী জানান, কাজ পাওয়ার লক্ষ্যে বিভিন্ন পার্টিতে গিয়ে জনসংযোগ বাড়ানোর চেয়ে তিনি নিজের কাজের ওপরই বেশি আস্থা রাখেন। তবে ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন থাকার পরও মনের মতো চরিত্রের অপেক্ষায় থাকতে গিয়ে মাঝে মাঝে কিছুটা হতাশায় ভুগতে হয় তাকে।

কাজের প্রস্তাব নিয়ে প্রাথমিক আলোচনা হলেও শেষ পর্যন্ত অন্য অভিনেত্রীদের প্রাধান্য পাওয়ার অভিজ্ঞতাও রয়েছে তার। তবে এসবের মাঝেও নিজের অবস্থান নিয়ে স্পষ্ট ঐন্দ্রিলা। আপাতত মুম্বইয়ে কাজের কোনো পরিকল্পনা তার নেই; বরং যে বাংলা ইন্ডাস্ট্রি তাকে খ্যাতি এনে দিয়েছে, সেখানেই কাজ চালিয়ে যেতে আগ্রহী তিনি। তবে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করার ইচ্ছা রয়েছে তার। ছোট চরিত্র পেলেও তাতে নিজের সেরাটা উজাড় করে দেয়ার মানসিক প্রস্তুতি আছে অভিনেত্রীর। পাশাপাশি টেলিভিশনের বর্তমান ধারার গল্পগুলোর সঙ্গে মানিয়ে নিতে না পারায় আপাতত সেখানে ফেরার কোনো ইচ্ছা নেই তার।

ক্যারিয়ারের শুরুর দিকে উপার্জনের সাফল্য পেলেও বর্তমানে অর্থের চেয়ে ভালো কাজের মানকেই বেশি প্রাধান্য দিচ্ছেন তিনি। সিরিজ মুক্তির প্রাক্কালে কাজের ফলাফল নিয়ে কিছুটা উদ্বেগ থাকলেও আসন্ন পুজোর পরিকল্পনা সাজিয়েছেন পরিবারের সঙ্গে সময় কাটিয়ে ও ঠাকুর দেখে। নতুন ধারার চরিত্র ও অভিনয়ের বৈচিত্র্যময় মাধ্যম খুঁজতেই এখন বেশি আগ্রহী এই অভিনেত্রী।