নতুন অভিজ্ঞতায় ইন্তেখাব দিনার: পর্দার আড়ালের গল্প

তিন দশক ধরে অভিনয় জগতে নিরলস কাজ করে যাচ্ছেন ইন্তেখাব দিনার। ওটিটি প্ল্যাটফর্মের সুবাদে বর্তমানে ক্যারিয়ারের এক নতুন ও সফল অধ্যায়ে অবস্থান করছেন এই অভিনেতা। সাম্প্রতিক সময়ে তিনি মূলধারার ‘বরবাদ’ সিনেমার পাশাপাশি ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’-এর মতো ব্যবসায়িক সাফল্য পাওয়া ভিন্ন ধারার সিনেমাতেও নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিক থেকে শুরু করে ‘তোমাদের গল্প-২’ নাটক, কিংবা জনপ্রিয় ওয়েব সিরিজ ‘তাকদীর’ ও ‘কারাগার’-এ তার সাবলীল উপস্থিতি তাকে দর্শকের কাছে ‘লাকি চার্ম’ হিসেবে পরিচিতি দিয়েছে।

‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের মামার চরিত্রে অভিনয় নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকলেও দিনারের দৃষ্টিভঙ্গি বেশ স্পষ্ট। তিনি জানান, একজন অভিনেতা হিসেবে আমি চরিত্রকে গুরুত্ব দিই, তাই ভালো চিত্রনাট্য পেলে শাকিব খানের নানার চরিত্রে অভিনয় করতেও আমার আপত্তি নেই। আমার লক্ষ্য অভিনেতা হওয়া, নায়ক হওয়া নয়। এই শিল্পী সম্প্রতি অংশ নিয়েছেন রুম্মান রশীদ খান সঞ্চালিত পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে। জেড আই ফয়সাল প্রযোজিত এই বিশেষ পর্বটি আজ রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ প্রচার করা হবে।

পডকাস্টে অভিনেতা তার কর্মজীবনের নানা না বলা অভিজ্ঞতা শেয়ার করেছেন। ‘ওরা ৭ জন’ সিনেমার একটি দৃশ্যে অভিনয়ের প্রয়োজনে তাকে লাশের চরিত্রে অভিনয় করতে হয়েছিল, আর কাকতালীয়ভাবে সেই একই সময়ে ব্যক্তিজীবনে তিনি তার বাবাকে হারিয়েছিলেন। এছাড়া ‘কারাগার’ ওয়েব সিরিজে ফাঁসির মঞ্চের অভিজ্ঞতা তার কাছে স্মরণীয় হয়ে আছে। জীবনের এই কঠিন ও বৈচিত্র্যময় মুহূর্তগুলোকে তিনি এক অনন্য প্রাপ্তি হিসেবেই দেখেন।