চলতি সময়ের প্রতিশ্রুতিশীল অভিনেত্রী মিম চৌধুরী তার সাবলীল অভিনয় দিয়ে গত কয়েক বছরে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন নাটক ‘অচেনা বউ’। এনডি আকাশের গল্পে নাটকটি পরিচালনা করেছেন বর্ণনাথ। মুক্তির পর থেকেই নাটকটি দর্শকদের মাঝে বেশ ইতিবাচক সাড়া ফেলেছে।
নাটকটি সম্পর্কে মিম চৌধুরী জানান, এর পুরো গল্পটি তাকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে। যে কারণে তিনি অত্যন্ত গুরুত্ব ও মনোযোগের সঙ্গে চরিত্রটিতে অভিনয় করেছেন। এর আগেও বর্ণনাথের নির্দেশনায় কাজ করেছেন মিম এবং প্রতিটি ক্ষেত্রেই দর্শকদের কাছ থেকে দারুণ প্রতিক্রিয়া পেয়েছেন। তবে ‘অচেনা বউ’ নাটকের চিত্রনাট্য ও গল্প কিছুটা ভিন্নধর্মী বলে তিনি উল্লেখ করেন। মিম বলেন, দর্শক নাটকটি দেখলেই গল্পের গভীরতা ও ভিন্নতা বুঝতে পারবেন।
বর্তমান সময়ে বিভিন্ন নাটক থেকে অনেক চিত্রনাট্যের প্রস্তাব পান জানিয়ে মিম বলেন, তিনি বরাবরই ভালো গল্পের নাটকে অভিনয়ের চেষ্টা করেন। বর্তমানে পারিবারিক ঘরানার নাটকের চাহিদা বাড়ায় তিনি নিজেও এমন চরিত্রে কাজ করতে আগ্রহী। আগামীতে তার আরও কিছু নাটক প্রচারের অপেক্ষায় রয়েছে, যা নিয়ে তিনি যথেষ্ট আশাবাদী। অভিনয়ের পাশাপাশি নিয়মিত উপস্থাপনাতেও ব্যস্ত আছেন এই অভিনেত্রী। বর্তমানে তিনি গ্লোবাল টেলিভিশনের একটি মিউজিক্যাল অনুষ্ঠান নিয়মিত সঞ্চালনা করছেন।

