ইমরান খানের সুচিকিৎসার দাবিতে অস্ট্রেলিয়ার ৭ কিংবদন্তি ক্রিকেটারের চিঠি

পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবন্দী জীবন নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে। আদিয়া জেলে বন্দি ৭৩ বছর বয়সী এই সাবেক অধিনায়কের সুচিকিৎসার অভাব, স্বাস্থ্যঝুঁকি এবং তার পরিবার ও আইনজীবীদের সাথে সাক্ষাতে কড়াকড়ির বিষয়টি নিয়ে এবার সোচ্চার হয়েছেন অস্ট্রেলিয়ার সাত কিংবদন্তি ক্রিকেটার। অ্যালান বর্ডার, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, বেলিন্ডা ক্লার্ক, কিম হিউজ, মার্ক টেলর এবং স্টিভ ওয়াহ অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং-এর কাছে পাঠানো এক বিশেষ মানবিক আবেদনপত্রে তার মৌলিক অধিকার রক্ষার দাবি জানিয়েছেন।

চিঠিতে স্পষ্ট করা হয়েছে, তারা পাকিস্তানের আইনি বা রাজনৈতিক কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে চান না। তবে একজন মানুষ ও সাবেক সহকর্মী হিসেবে ইমরান খানের প্রতি যে অমানবিক আচরণ করা হচ্ছে, তা বিশ্ব ক্রীড়াঙ্গনের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা এটিকে নিছক মানবিক আবেদন হিসেবে উল্লেখ করেছেন। এতে বলা হয়েছে, কোনো রাজনৈতিক অবস্থান নয়, বরং একজন বন্দীর মৌলিক অধিকার নিশ্চিত করাই তাদের এই উদ্যোগের মূল লক্ষ্য।

চিঠিতে তিনটি সুনির্দিষ্ট দাবি জানানো হয়েছে। প্রথমত, সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী গঠিত মেডিক্যাল বোর্ড, যেখানে ইমরানের ব্যক্তিগত চিকিৎসকেরাও রয়েছেন, তাদের মাধ্যমে পূর্ণাঙ্গ ও স্বাধীন স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করতে হবে। বিশেষ করে ইমরানের ডান চোখের দৃষ্টিশক্তি হ্রাসের বিষয়টি গুরুত্বের সাথে দেখার অনুরোধ করা হয়েছে। দ্বিতীয়ত, আদালতের নির্দেশ অনুযায়ী কোনো বাধা ছাড়াই সাপ্তাহিক পারিবারিক সাক্ষাতের সুযোগ পুনর্বহাল করতে হবে। তৃতীয়ত, স্বাস্থ্য পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী অবিলম্বে চিকিৎসার ব্যবস্থা নিতে হবে।

ইমরান খানের বোন ও সন্তানেরা দীর্ঘদিন ধরে তার স্বাস্থ্যের অবনতি ও পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ার অভিযোগ করে আসছেন। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে এর আগে গত ফেব্রুয়ারি ও আগস্ট মাসেও বিশ্বের নামী ক্রিকেট ব্যক্তিত্বরা পাকিস্তান সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন। এর ধারাবাহিকতায় বর্তমান অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স ও ওয়েস্ট উইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারাও ইতিপূর্বে ইমরান খানের সুচিকিৎসা ও মর্যাদাপূর্ণ আচরণের পক্ষে দাবি তুলেছিলেন।