দীর্ঘ বিরতি শেষে নতুন গান নিয়ে ফিরলেন পথিক নবী

দীর্ঘদিন পর নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী পথিক নবী। প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মিউজিকের ব্যানারে সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন মৌলিক গান ‘ও পাখি’। মেলোডি ঘরানার এই গানটির কথা ও সুর তৈরি করেছেন শিল্পী নিজে এবং এর সংগীতায়োজন করেছেন কেজিএম রাহাত। গানের চমৎকার কিছু চরণ হলো— ‘ও পাখি, পাখি, পাখি ও পাখি নীল পাখি লাল… তোর রঙিন মায়া ডানায় ভাসে মহাকাল’।

গানে ফেরা প্রসঙ্গে পথিক নবী জানান, আসলে ফেরা বলতে কিছু নেই, তিনি বছরের বারো মাসই গানের সঙ্গে যুক্ত থাকেন। তবে বর্তমান ইউটিউব যুগের নিয়মের সঙ্গে তার গান সেভাবে প্রকাশ পায় না এবং বিষয়টি তিনি খুব একটা বোঝেনও না। তবে অসুস্থতা বা জীবনের নানা চড়াই-উতরাইয়ের মধ্যেও গান থেকে কখনো দূরে যাননি তিনি। নিজের মতো করে সবসময়ই গান তৈরি করে গেছেন। নতুন এই সৃষ্টি নিয়ে আশাবাদী শিল্পী জানান, গানটি হয়তো বর্তমানের ভাইরাল ধারার সঙ্গে মিলবে না, তবে এটি তার অত্যন্ত পছন্দের একটি কাজ। লায়নিক মিউজিকের ব্যানারেই তার আরও কিছু নতুন মৌলিক গান প্রকাশের পরিকল্পনা চলছে।

উল্লেখ্য, ২০০৩ সালে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-তে ‘আমার একটি নদী ছিল, জানলো না তো কেউ’ গানটি গেয়ে দেশজুড়ে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা লাভ করেন পথিক নবী। এরপর দীর্ঘ ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। তার গাওয়া উল্লেখযোগ্য গানের তালিকায় রয়েছে ‘নিশি কালো মেঘ দেখে’, ‘বৃক্ষ যেমন আঘাত দিলেও’, ‘অচেনা পাথিক’, ‘কষ্টের গায়ে লাল জামা’, ‘চোখের দৃষ্টি’, ‘কে আমাকে ভালোবাসিবে’, ‘মাক্ষি গিরা’ এবং ‘আমার আমি নাইরে’ ইত্যাদি।