সিডনিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে অস্ট্রেলিয়া নারী দল। ১৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এলিস পেরির দুর্দান্ত ব্যাটিংয়ে এক পর্যায়ে সহজ জয়ের পথে থাকলেও, পরে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়েছিল অজিরা। শেষ পর্যন্ত সাত বল বাকি থাকতেই দুই উইকেটের কষ্টার্জিত জয় নিশ্চিত করে তারা। ম্যাচে এলিস পেরি ২৭ বলে ফিফটি করেন। তবে জেজ কারের বোলিং তোপে ১১তম ওভারের পর অজিদের ব্যাটিং লাইনআপে ধস নামে। ১০২/৩ থেকে দলটি দ্রুত ১৪৫/৭ স্কোরে পরিণত হয়, যদিও শেষ পর্যন্ত কিম গার্থের কল্যাণে জয়ের বন্দরে পৌঁছায় তারা।
এর আগে নিউজিল্যান্ডের ইনিংসে দারুণ ব্যাট করেছেন জর্জিয়া প্লিমার ও ম্যাডি গ্রিন। প্লিমার ৬৮ বলে ৮৫ রান এবং ম্যাডি গ্রিন ৩৭ বলে অপরাজিত ৫৬ রান করেন। তৃতীয় উইকেটে এই দুজন মাত্র ৮০ বলে ১২৭ রানের জুটি গড়ে দলকে ১৬২/২ স্কোরে নিয়ে যান। পাওয়ারপ্লের পর অ্যামেলিয়া কারের উইকেট হারালেও প্লিমার ও গ্রিন দারুণ নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে শেষ ৩০ বলে ৫৪ রান যোগ করেন। কিম গার্থের ১৭তম ওভারে গ্রিন দুই চার ও এক ছক্কা হাঁকিয়ে দলীয় সংগ্রহ বড় করতে বড় ভূমিকা রাখেন।
রান তাড়া করতে নেমে শুরুতে জর্জিয়া ভলকে হারালেও বেথ মুনি ও পেরির ব্যাটে পাওয়ারপ্লেতে ভালো শুরু পায় অস্ট্রেলিয়া। ৮ ওভারে ৮৫ রান তুলে তারা জয়ের পথ সুগম করে ফেলে। মুনি রান আউট হওয়ার পর পেরির বিদায় ঘটে এবং এরপর থেকেই নিউজিল্যান্ড ম্যাচে ফেরার সুযোগ পায়। অ্যামেলিয়া কার জর্জিয়া ওয়েরহামকে আউট করলে অজিরা চাপে পড়ে। ১৫তম ওভারে জেজ কার দুই উইকেট তুলে নিয়ে ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনেন। শেষ দিকে অজিরা ১৫০/৭ স্কোরে দাঁড়িয়ে ছিল এবং জয়ের জন্য প্রয়োজন ছিল ১৩ রান। সোফি মলিনেক্স আউট হওয়ার পর কিম গার্থ দলের জয় নিশ্চিত করেন।
সংক্ষিপ্ত স্কোর: নিউজিল্যান্ড নারী দল ১৬২/২ (২০ ওভার; প্লিমার ৮৫*, গ্রিন ৫৬*; অ্যানাবেল সাদারল্যান্ড ১-২৮) এবং অস্ট্রেলিয়া নারী দল ১৬৫/৮ (১৮.৫ ওভার; পেরি ৫২, মুনি ৩৮; জেজ কার ৩-২৫)।

