২৭২ রান তাড়া করে জেতা উচিত ছিল, আক্ষেপ তাসকিনের

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ দলের ব্যাটারদের ব্যর্থতায় হার মানতে হয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে ২৭২ রানের টার্গেটে খেলতে নেমে বাংলাদেশ মাত্র ১৭২ রানেই অলআউট হয়ে যায়। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পেসার তাসকিন আহমেদ স্পষ্টভাবেই জানিয়েছেন যে, এই উইকেট এবং পরিস্থিতি অনুযায়ী ব্যাটারদের ম্যাচটি বের করে আনা উচিত ছিল। ব্যাটিং-বোলিংয়ে বাজে শুরুর পরেও জিম্বাবুয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে; অন্যদিকে ভালো শুরু পেয়েও ২৭২ রান তাড়া করতে পারেনি বাংলাদেশ, ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ বিষয়ে আক্ষেপ প্রকাশ করেছেন তাসকিন আহমেদ। আমাদের ব্যাটিংয়ে প্রায়ই ভুল হয়ে থাকে। বোলিংয়ে অবশ্য ধারাবাহিকতা আগের চেয়ে বেড়েছে।

তাসকিনের মতে, আজকের পিচটি ব্যাটিংয়ের জন্য বেশ সহায়ক ছিল। তিনি বলেন, আমরা নিজেরা যখন বল করছিলাম, তখন অনুভব করেছি যে সামান্য ভুল হলেই বোলাররা বাউন্ডারি হজম করছে। জিম্বাবুয়ে কন্ডিশন বুঝে ভালো খেলেছে, কিন্তু বাংলাদেশের ব্যাটারদের জন্য ২৭০ রান তাড়া করা কঠিন কিছু ছিল না। নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থতার কারণেই হারতে হয়েছে বলে মনে করেন তিনি। তিনি বলেন, ‘সত্যি বলতে, আজকে যেরকম পিচ ছিল, আমরাও তো বল করেছি, একটু এদিক-ওদিক হলেই কিন্তু পানিশড হচ্ছিলাম। জিম্বাবুয়ের সঙ্গে অন্তত ২৭০ অবশ্যই তাড়া করার মতো ছিল। ওদের কন্ডিশনে ওরা অস্ট্রেলিয়াকেও কঠিন সময়ের ভেতর দিয়ে নিয়েছে। তার মতে, ‘দুর্ভাগ্যবশত আমরা একটাও জুটি গড়তে পারিনি। আসলে ব্যাটসম্যানদের (আজ) জেতানো উচিত ছিল, কিন্তু পারে নাই।’।

ম্যাচে উদ্বোধনী জুটিতে সৌম্য সরকার ও তানজিদ হাসান ৪৭ রান তুলে ভালো শুরুর আভাস দিয়েছিলেন। কিন্তু এরপর আর কোনো বড় জুটি গড়ে ওঠেনি। তাসকিন আক্ষেপ করে বলেন, দলের ব্যাটারদের সামর্থ্য নিয়ে প্রশ্ন নেই, কিন্তু পরিস্থিতি অনুযায়ী খেলার মানসিকতায় ঘাটতি রয়েছে। একটি ভালো জুটি হলেই খেলার ফলাফল বাংলাদেশের পক্ষে আসত, কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি।

দলীয় ব্যর্থতা নিয়ে তাসকিন বলেন, আমরা অনেক সময় চাপে দ্রুত ভেঙে পড়ি। বড় দল হিসেবে পরিচিতি পেতে হলে যেকোনো পরিস্থিতিতে মানিয়ে নিয়ে দলকে টেনে তোলার সক্ষমতা অর্জন করতে হবে। তবে দলের দক্ষতা নিয়ে তার আস্থা রয়েছে। তিনি মনে করেন, স্কিল সবারই আছে, শুধু খেলার পরিস্থিতি বোঝার দক্ষতা বাড়ানো প্রয়োজন।

সদ্য সমাপ্ত ম্যাচে হারের পর ফাইনালের লড়াইয়ে টিকে থাকা এখন কঠিন হয়ে পড়েছে। তবে এখনো আশা ছাড়ছেন না তাসকিন। তিনি জানান, টুর্নামেন্টে এখনো একটি ম্যাচ বাকি রয়েছে এবং সেই ম্যাচে ভালো লড়াই করে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। সব ঠিক থাকলে লড়াই করে ফাইনালে খেলার স্বপ্ন এখনো দেখছে দল। ২ ম্যাচের মধ্যে প্রথমটিতে হেরে ফাইনালের লড়াই থেকে অনেকটা ছিটকে গেছে বাংলাদেশ।