ছোট পর্দার বর্তমান সময়ের প্রতিশ্রুতিশীল অভিনেতা আবিদ বিন প্রান্ত এবং আলোচিত অভিনেত্রী রিয়া বর্মন প্রথমবারের মতো জুটি বেঁধেছেন। গুণী নির্মাতা সকাল আহমেদের নির্দেশনায় ‘তোর মায়ায়’ নামের একটি বিশেষ নাটকে তাদের একসঙ্গে দেখা যাবে। গল্পনির্ভর এই কাজটি নিয়ে দারুণ আশাবাদী অভিনয়শিল্পী ও নির্মাতা উভয়েই।
পরিচালক সকাল আহমেদ নতুন এই জুটি সম্পর্কে বলেন, নতুন প্রজন্মের অভিনয়শিল্পীদের মধ্যে প্রান্ত বেশ ভালো করছেন এবং কাজের প্রতি তার একনিষ্ঠতা আমাকে মুগ্ধ করেছে। তাকে নিয়ে কাজ করার অভিজ্ঞতা চমৎকার। অন্যদিকে রিয়াও তার সাম্প্রতিক কাজের মাধ্যমে দর্শকদের নজর কেড়েছেন। আমার বিশ্বাস, এই নাটকে তাদের অনবদ্য রসায়ন দর্শকদের মন জয় করতে সক্ষম হবে।
নাটকটিতে নিজের কাজের অভিজ্ঞতা জানিয়ে আবিদ বিন প্রান্ত বলেন, সকাল ভাই আমাদের দেশের একজন অন্যতম গুণী নির্মাতা। এর আগে তার পরিচালনায় ‘আওয়ার বয়ফ্রেন্ড’ নাটকে অভিনয় করেছিলাম, যেখানে সহশিল্পী ছিলেন রুবাইয়া এশা। এবার ‘তোর মায়ায়’ নাটকে আমার সঙ্গী রিয়া বর্মন। রিয়া বেশ সম্ভাবনাময় একজন শিল্পী, আশা করি আমাদের রসায়নটি দর্শকদের ভালো লাগবে।
সহশিল্পী রিয়া বর্মন বলেন, এই নাটকের গল্পটি এককথায় অসাধারণ। বর্তমান সময়ে প্রান্ত খুব ভালো কাজ করছেন, তার সঙ্গে এটিই আমার প্রথম কাজ। আমরা দুজনেই গল্পের গভীরতা বুঝে নিজেদের চরিত্রগুলো নিখুঁতভাবে ফুটিয়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করেছি। নির্মাতা জানান, খুব দ্রুত নাটকটি একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে।

