কবি নজরুল একাডেমি চট্টগ্রামের উপদেষ্টা হলেন দিঠি আনোয়ার

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী, সমাজসেবিকা ও উপস্থাপিকা দিঠি আনোয়ার ‘কবি নজরুল একাডেমি চট্টগ্রাম’-এর উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন। গত ৬ নভেম্বর চট্টগ্রামে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। আয়োজনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেশের প্রখ্যাত নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরাসহ দেশের বিশিষ্টজনরা।

উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়ার পর নিজের ভালো লাগার কথা জানিয়ে দিঠি আনোয়ার বলেন, চট্টগ্রামের এই একাডেমির প্রতি আমার ভালোবাসা ও কৃতজ্ঞতা রইল। এই সম্মানজনক পদে নির্বাচিত হয়ে আমি আনন্দিত ও গর্বিত। একজন শিল্পী হিসেবে এখন নিজের পথচলাকে সার্থক মনে হচ্ছে। কিছুদিন আগেই আমি ফিল্ম সার্টিফিকেশন বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছি। একই সাথে সংগীত চর্চা ও সমাজসেবামূলক কাজে নিজেকে ব্যস্ত রেখেছি এবং প্রতিটি দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করছি।

মেয়ের এমন কর্মব্যস্ত জীবন নিয়ে মা জোহরা গাজী বলেন, আলহামদুলিল্লাহ, দিঠি এখন এতটাই ব্যস্ত যে মাঝেমধ্যে নিজের কাজেই তাকে পাওয়া কঠিন হয়ে যায়। তবে তার এই ব্যস্ততা আমার জন্য পরম আনন্দের। তার বাবাও সারা জীবন কাজের মধ্যে সরব থাকতেন। আমার মতে, ব্যস্ত থাকাই মানুষের প্রকৃত সুস্থতার প্রতীক।

এদিকে শিল্পচর্চায় নিয়মিত সরব রয়েছেন দিঠি আনোয়ার। সম্প্রতি শিল্পী মনির খানের সাথে ‘তুমি আমায় আপন করিয়া’ শিরোনামে তার একটি মৌলিক গান প্রকাশিত হয়েছে। রাসেল কবিরের কথায় গানটির সুর করেছেন ম খান। এছাড়া চ্যানেল আইয়ের একটি এক্সক্লুসিভ আয়োজনে শিল্পী অপু আমানের সাথে সরাসরি সংগীত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেছেন এই সংগীতশিল্পী।